অসমের গুয়াহাটিতে ভয়াবহ ঘটনা, বাড়ি থেকে উদ্ধার হল মহিলার কঙ্কাল। তিন মাস ধরে মা এর দেহ আগলে রাখলো ছেলে। দৈনিক খাবারও দিতো মাকে। প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদে উঠে আসে এই অস্বাভাবিক তথ্য।
প্রসঙ্গত এমনটাই ঘটেছিল রবিনসন স্ট্রিটে। তারই পুনরাবৃত্তি ঘটলো গুয়াহাটিতে। পুলিশ সূত্রে জানা গেছে মৃত মহিলার নাম পূর্ণিমা দেব। স্বামী মারা যাওয়ার পর থেকে ছেলে জয়দীপ দেবের সাথেই থাকতেন তিনি। পেনশনেই চলত তাদের খরচ।
তারা বেশি মেলামেশা করতেন না প্রতিবেশীদের সাথে। তবে অনেক দিন ধরে বৃদ্ধাকে না দেখায় সন্দেহ জাগে প্রতিবেশীদের। বৃদ্ধার ছেলের কাছে খোঁজ খবর করলে ছেলে জানান বৃদ্ধা কয়েক মাস আগে মারা গেছেন।
বৃদ্ধার শেষকৃত্য় সম্পর্কে জানতে চাইলে উঠে আসে বিস্ময়কর তথ্য। বৃদ্ধার ছেলে জানান পরিষ্কার করার লোক পাননি বলে কাউকে বলেননি তিনি। প্রতিবেশীদের তার কথাবার্তায় সন্দেহ হওয়ায় খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ এসে উদ্ধার করে মহিলার কঙ্কাল।
পুলিশ কর্তৃপক্ষ জানিয়েছেন ওই ব্যাক্তি মানসিক ভারসাম্যহীন। মায়ের মৃত্যুর পরেও তিন মাস ধরে আগলে রেখেছিলেন তিনি। প্রতিদিন মহিলার মৃতদেহকে দিতেন খাবারও। মহিলার মাথার খুলির পাশে খাবার, শিব ঠাকুরের ছবি ও প্রদীপ রাখা ছিল বলে জানিয়েছিলেন পুলিশ। অনুমান, ওই ব্যক্তি ভগবানে বিশ্বাসী। রোজ শিবের নাম জপতেন এই বিশ্বাসে যে কোনওভাবে তাঁর মা আবার জীবিত হয়ে উঠবে।







