ফের বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধারের ঘটনা কেন্দ্র করে চাঞ্চল্য দক্ষিণ ২৪ পরগনায়। এবার অস্ত্র উদ্ধার মগরাহাটে। অভিযানে উদ্ধার পাঁচটি দেশি পিস্তল, একটি দেশি বন্দুক এবং ৪১টি কার্তুজ।
ডায়মন্ড হারবার জেলার অন্তর্গত মগরাহাট থানার পুলিশ গোপন সূত্র মারফত, এক বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধারে অভিযান চালায়।
গোপন সূত্র পেতেই থানার ভারপ্রাপ্ত অফিসারের নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে মগরাহাটের রঙ্গন বেড়িয়া গ্রামে গিয়ে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে। পুলিশ তার বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার করে পাঁচটি ওয়ান শাটার দেশি আগ্নেয়াস্ত্র ও একটি পাইপ গান সহ ৪১ রাউন্ড গুলি।
পুলিশ সূত্রে জানা যায়, ধৃতের নাম আবদুল্লাহ লস্কর বয়স ৫৫। বাড়ি কালাপাহাড় চকে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়। এর আগেও বেআইনি অস্ত্র মজুত রাখার অভিযোগে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল।







