বীরভূমে ডাকাতির মামলার তদন্ত করতে গিয়েই বিপুল পরিমাণ নগদ টাকা ও সোনার হদিস পেল পুলিশ। সেই ঘটনায় বৃহস্পতিবার গ্রেফতার করা হয়েছে অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ ব্যবসায়ী টুলু মণ্ডলের আত্মীয় মিনার মণ্ডলকে। তাঁর বাড়ি থেকে উদ্ধার হয়েছে প্রায় ২৮ কোটি ৫০ লক্ষ টাকা নগদ এবং প্রায় ১৫ কেজি সোনা, যা ঘিরে জোর চাঞ্চল্য ছড়িয়েছে জেলায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মহম্মদবাজার থানার পুলিশ সম্প্রতি একটি ডাকাতি মামলায় সাত জনকে গ্রেফতার করে। ধৃতদের জিজ্ঞাসাবাদ থেকেই তদন্তকারীরা মিনার মণ্ডলের বাড়ির সন্ধান পান। এরপর মঙ্গলবার গভীর রাতে দেউচায় তাঁর বাড়িতে তল্লাশি শুরু হয়, যা চলে টানা বৃহস্পতিবার সকাল পর্যন্ত।
তল্লাশিতে একের পর এক ট্রাঙ্ক ও আলমারি থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ নগদ অর্থ ও সোনা। বাজেয়াপ্ত করা হয় মোট ছয়টি ট্রাঙ্ক এবং দুটি আলমারি। পরে সেগুলি পুলিশের কড়া নিরাপত্তায় সিউড়ি ট্রেজারিতে পাঠানো হয়। উদ্ধার হওয়া সম্পদের তালিকা তৈরির কাজও রাতভর চলে।
গ্রেফতারের সময় মিনার মণ্ডলের কাছে উদ্ধার হওয়া সম্পদের উৎস জানতে চাইলেও তিনি কোনও উত্তর দেননি। অন্যদিকে, তাঁর ছেলের দাবি, বাড়িতে এত টাকা ও সোনা রাখা ছিল, সে বিষয়ে তাঁদের কোনও ধারণাই ছিল না। তবে বীরভূমের পুলিশ সুপার বিদীত রাজ বুন্দেশ জানিয়েছেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিনার দাবি করেছেন, উদ্ধার হওয়া অর্থ ও সোনা টুলু মণ্ডলের অপরাধচক্রের সঙ্গে যুক্ত।
ডাকাতি মামলায় গ্রেফতার হওয়া সাত অভিযুক্তের মধ্যে রয়েছেন অর্জুন লোহার, শেখ গিয়াসউদ্দিন, শেখ ফরজুদ্দিন, পুলক সাহা, শেখ ফিরোজ আহমেদ, অভিনব ভাতসা এবং রবিকুমার গুপ্ত। সিউড়ি আদালত তাঁদের দু’দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে। তদন্তকারীদের মতে, এই মামলার সূত্র ধরেই সামনে এসেছে বিপুল অঘোষিত সম্পদের হদিস।
এদিকে, ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলেও তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, দুর্নীতি বা বেআইনি সম্পদ গড়ে তোলার সঙ্গে যুক্ত কাউকেই রেয়াত করা হবে না। তাঁর দাবি, সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির আওতায় এই ধরনের ঘটনার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশ এখন উদ্ধার হওয়া অর্থ ও সোনার প্রকৃত উৎস, মালিকানা এবং সম্ভাব্য অপরাধচক্রের যোগসূত্র খতিয়ে দেখছে। তদন্তে আরও গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসতে পারে বলে মনে করা হচ্ছে।







