কিছু মাস ধরে চলছিল পরিকল্পনা। তার পরেই দিন ঠিক করে পার্ক স্ট্রিটের একটি ক্যাফের সিসি ক্যামেরা বন্ধ রাখা হয় কিছু ক্ষণ। সেই সুযোগেই চঞ্চল ভুইয়া নামে এক ২২ বছরের কর্মী ক্যাফের ক্যাশবাক্স থেকে হাতিয়ে নিল আড়াই লক্ষ টাকা। সেই টাকা দিয়ে বান্ধবীকে আইফোন কিনে দেওয়ায় শেষ পর্যন্ত গ্রেফতার হল অভিযুক্ত।
বৃহস্পতিবার ওই ক্যাফের ম্যানেজার তনভির রহমান বালিগঞ্জ থানায় অভিযোগ দায়ের করে। তিনি জানিয়েছেন, সেদিনই দুপুর ২টো ২৫ মিনিট থেকে রাত ৯টা ১৫ মিনিটের মধ্যে কোনও এক সময়ে ক্যাফের ক্যাশবাক্স থেকে দুই লক্ষ ৫৩ হাজার টাকা চুরি হয়। তদন্তে নেমে পুলিশ জানা যায়, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টে নাগাদ দোকানের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। কিন্তু ওই সময় সিসিটিভি ফুটেজও পায়নি পুলিশ। এর পরেই তাদের সন্দেহ হয়। ক্যাফের কর্মীদের ফোন কলের তালিকায় নজরদারি রাখে পুলিশ।
সেই সূত্রেই জানা যায়, ওই সময়ে ক্যাফের এক কর্মী একটি অ্যাপ ক্যাব সংস্থায় ফোন করে পরিষেবা নিয়ে ছিল। তার পরেই সেই সংস্থার সঙ্গে কথা বলে ওই কর্মীর হদিস পান তদন্তকারীরা। তারপরেই চঞ্চলের মগরাহাটের বাড়িতে তল্লাশি চালিয়ে তাঁকে গ্রেফতার করে পুলিশ। জেরায় দোষ স্বীকার করে চঞ্চল। তাঁর বাড়ি থেকে ৪৯, ৯২০ টাকা উদ্ধার করে পুলিশ।
চঞ্চল দাবি করেন, বৃহস্পতিবার বান্ধবীকে এক লক্ষ ৫৩ হাজার টাকা দিয়ে একটি আইফোন কিনে দেন তিনি। তাঁর জন্মদিনে ওই উপহার দিয়েছেন। ওই তরুণীর বাড়ি থেকে আইফোন এবং তাঁর বিল উদ্ধার করে পুলিশ। চঞ্চলের আরও দাবি, গত কয়েক মাস ধরে এই চুরির পরিকল্পনা করেন তিনি। ক্যাফের ক্যাশবাক্সের নকল চাবিও তৈরি করা হয়েছিল।







