সুপারস্টার জিতের অভিনীত ‘খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার’ মুক্তির পর থেকেই তাঁর কেরিয়ার যেন এক নতুন গতি পেয়েছে। টলিউডের এই জনপ্রিয় অভিনেতা এবার মুম্বইয়ের আন্ধেরি ওয়েস্টে নিজের জন্য একটি নতুন বাসস্থান কিনেছেন বলে খবর। যদিও এ বিষয়ে জিতের তরফে আনুষ্ঠানিক কোনও মন্তব্য আসেনি, তবু অনুমান করা যাচ্ছে, বলিউডে পা রাখার প্রস্তুতির অংশ হিসেবেই এই পদক্ষেপ।
বর্তমানে বলিউডের খ্যাতনামা নির্মাতা নীরজ পাণ্ডের সঙ্গে একটি ওয়েব সিরিজে কাজ করছেন জিত। এই সিরিজে রয়েছেন বাংলার আরেক তারকা প্রসেনজিত্ চট্টোপাধ্যায়, যিনি দীর্ঘদিন ধরে মুম্বইয়ের সঙ্গে যুক্ত এবং হিন্দি বিনোদন দুনিয়ার বিভিন্ন কাজে জড়িত। জিতের মুম্বইয়ে আরও বেশি সময় কাটানোর খবর তাঁর অনুরাগীদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি করেছে। সম্প্রতি জিতকে মুম্বইয়ে টলিউডের কয়েকজন বিশিষ্ট প্রযোজকের সঙ্গে সময় কাটাতে দেখা গেছে। অনেকে মনে করছেন, বলিউডে অভিনয়ের জন্য তাঁকে খুব শীঘ্রই নতুন কোনও বড়ো প্রোজেক্টে দেখা যেতে পারে। যদিও এখনও কিছু ঘোষণা হয়নি।
কেরিয়ারের গোড়ার দিকে তিনি মুম্বই গিয়েই শুরু করেছিলেন অভিনয় জীবনের লড়াই। তখন থেকেই তাঁর লক্ষ্য ছিল বড়ো পর্দায় মুখ্য চরিত্রে তিনি অভিনয় করবেন। পরে বাংলা ছবিতে ‘সাথী’ দিয়ে নজর কেড়ে নেন এবং ধাপে ধাপে পেয়ে যান সুপারস্টার তকমা। এদিকে, বাংলা চলচ্চিত্রে জিতের পরবর্তী কাজের দিকেও নজর রয়েছে তাঁর ভক্তদের। পরিচালক রায়হান রাফির আসন্ন ছবি ‘লায়ন’-এ মুখ্য ভূমিকায় দেখা যাবে তাঁকে। চলতি বছরের মধ্যেই শুরু হবে শুটিং, তবে ছবির মুক্তির তারিখ এখনও ঘোষণা করা হয়নি।







