সম্প্রতি এক অনুষ্ঠানে কন্নড় গানের অনুরোধ শুনে বিতর্কিত মন্তব্য করে বিপাকে পড়লেন জনপ্রিয় গায়ক সোনু নিগম। ‘কন্নড়, কন্নড়, কন্নড়, সেই কারণেই পহেলগাঁওয়ে ওই দুর্ঘটনাটি ঘটেছে’ – তাঁর এই মন্তব্যের জেরে কন্নড়ভাষী সম্প্রদায়ের ভাবাবেগে আঘাত হানার অভিযোগে গায়কের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছে একটি কন্নড়পন্থী সংগঠন।
‘কর্ণাটক রক্ষা বেদিকে’-র বেঙ্গালুরুর সভাপতি সোনু নিগমের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে দাবি করেছেন, গায়ক কর্ণাটকের কন্নড়ভাষী মানুষদের প্রতি ঘৃণাসূচক মন্তব্য করেছেন, যা হিংসা ছড়াতে পারে। অভিযোগে বলা হয়েছে, সোনু নিগমের মন্তব্য কন্নড় সম্প্রদায়ের জন্য ‘বিরাট আঘাত’ স্বরূপ। একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে কন্নড় গান গাওয়ার অনুরোধকে সন্ত্রাসী হামলার সঙ্গে তুলনা করে তিনি কন্নড়দের ‘অসহিষ্ণু’ ও ‘হিংস্র’ প্রমাণ করার চেষ্টা করেছেন, যা তাঁদের শান্তিকামী স্বভাবের বিপরীত।
প্রসঙ্গত, গত ২৫-২৬ এপ্রিল বেঙ্গালুরুর একটি কলেজে আয়োজিত সঙ্গীত অনুষ্ঠানে সোনু নিগম এই বিতর্কিত মন্তব্যটি করেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, এক ভক্ত কন্নড় গান গাওয়ার জন্য তাঁকে ‘হুমকি’ দিচ্ছেন। এর পরেই সোনু নিগম ওই মন্তব্য করেন এবং বিষয়টিকে সম্প্রতি পহেলগাঁওয়ে ঘটে যাওয়া একটি ঘটনার সঙ্গে তুলনা করেন। যদিও গায়ক পরে দাবি করেছেন যে তিনি কন্নড় ভাষাকে ভালোবাসেন, তবুও তাঁর মন্তব্যের এই যোগসূত্র বিতর্কের জন্ম দিয়েছে।







