দিঘায় জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর আমন্ত্রণে যাওয়া নিয়ে দিলীপ ঘোষকে ঘিরে বিতর্ক তুঙ্গে। বিজেপির একাংশের বিরোধিতার মুখে এবার সরাসরি আরএসএসের দ্বারস্থ হলেন প্রাক্তন রাজ্য সভাপতি। কেশব ভবনে সংঘ নেতাদের সঙ্গে বৈঠকে দিলীপ জানান, তিনি দলবদলু নেতাদের সঙ্গে কোনও আপস করবেন না। বিজেপিতে থেকেই তাঁর লড়াই চলবে, এমনটাই জানিয়েছেন তিনি।
সূত্রের খবর, দিলীপ ঘোষ আরএসএসকে স্পষ্ট বার্তা দিয়েছেন—বিজেপিতে তিনিই আসল লড়াকু সৈনিক। সংঘই তাঁকে দলে এনেছিল, যদি চায় তবে ফিরিয়েও নিতে পারে। তবে আপাতত তিনি কোনওভাবেই দমবেন না। রাজ্য বিজেপিতে তাঁকে কোণঠাসা করতে যে অংশটি সক্রিয়, সেই নেতাদের বোঝানোর দায়িত্বও সংঘের ওপরই ছেড়েছেন দিলীপ।
এদিকে, দিঘা সফর এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ নিয়ে দিলীপকে ‘বিজেপি বিরোধী’ তকমা দিচ্ছে দলের একাংশ। এমনকি কোর কমিটি ও বর্ধিত সভা থেকেও তাঁকে বাদ দেওয়া হয়। তবে এই গোষ্ঠীকোন্দল মানতে নারাজ রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তাঁর বক্তব্য, মতের অমিল থাকতে পারে, তবে মনের অমিল নেই। তৃণমূলকে হঠানোই সবার লক্ষ্য।
দিলীপ ঘোষের মন্তব্য, “আমাকে আরএসএস ডেকেছিল, আমি গিয়ে যা বলার বলেছি।” জগন্নাথ দর্শন ঘিরে তৈরি বিতর্কে তাঁর অবস্থান স্পষ্ট—আদর্শে আপস নয়







