রাতের অন্ধকারে বুনো হাতির হানা ! একই পরিবারের তিনজনকে পিষে মারল বুনো হাতি , যার মধ্যে ছিল একজন সদ্যজাতও। আলিপুরদুয়ারের কুঞ্জনগরের এই ঘটনায় নিহত হয়েছেন পরিবারের তিনজনই । মৃতদের নাম , মনোজ দাস, বয়স ৩১ বছর, মাখনরানি দাস, বয়স ৬৩ বছর ও সদ্যজাত শিশু মনীষা দাস, বয়স ১ মাস। তাদের দেহগুলি উদ্ধার করে ময়নতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে ।
শুক্রবার গভীর রাতে যখন বুনো হাতি হানা দেয় , তখন নিজের বাড়িতেই ঘুমোচ্ছিলেন মনোজরা । হঠাৎ বাইরে শব্দ পেয়ে তিনি বাইরে বেরিয়ে আসেন । তিনি হাতির সামনে পড়ে গেলে , তাকে হাতিটি নিজের শুড়ে পেঁচিয়ে আছর মারেন । তড়িঘড়ি ছেলেকে বাঁচাতে কোলে একরত্তি মনীষাকে নিয়েই ছুটে আসেন মাখনরানি । মাখনরানিকেও পিষে মারে হাতিটি এবং ঠাকুমার কোল থেকে ছিটকে পড়ে মৃত্যু হয় মনীষারও ।
ফালাকাটা থানার আইসি অভিষেক ভট্টাচার্য জানান, মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠানো হয়েছে । অপরদিকে শনিবার সকালে স্থানীয় বাসিন্দারা বন দফতরের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে রাস্তা অবরোধ করেন । তাদের দাবি এর আগেও হাতির হানায় প্রাণ গেছে মানুষের , কিন্তু তাতেও কোনো হেলদোল নেই বন দফতরের।







