পাকা রাস্তার দাবিতে রীতিমতো বিক্ষোভে ফেটে পড়ল মালদার পুকুরিয়া থানার অন্তর্গত পীরগাঁ অচিন্তলা এলাকার গ্রামবাসীরা। বুধবার সকালেই তাঁরা রাস্তা অবরোধ করেন। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে গ্রামে পাকা রাস্তা তৈরির দাবি জানিয়ে এলেও জনপ্রতিনিধি ও প্রশাসনের তরফে কোনও সদর্থক পদক্ষেপ নেওয়া হয়নি। বর্ষাকালে রাস্তা কাদা ও জলে থইথই করে, ফলে বাড়ি থেকে বেরোনোই মুশকিল হয়ে পড়ে।
এক অবরোধকারী মহিলা বলেন, “আমাদের বাচ্চারা স্কুলে যেতে পারে না, কেউ অসুস্থ হলে অ্যাম্বুলেন্স গ্রামে ঢুকতে পারে না। এতবার বলার পরেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। তাই বাধ্য হয়ে আমরা আজ রাস্তায় নেমেছি।”
ঘণ্টাখানেক চলা এই অবরোধে ব্যাপক ভোগান্তির মুখে পড়েন নিত্যযাত্রীরা। রাস্তায় আটকে পড়ে স্কুলগামী ছাত্রছাত্রী, কর্মস্থানে যাওয়ার তাড়ায় থাকা বহু মানুষ। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় পুকুরিয়া থানার পুলিশ। পুলিশের আশ্বাসে শেষে অবরোধ তুলে নেন গ্রামবাসীরা।
স্থানীয়দের স্পষ্ট দাবি—এবার আর প্রতিশ্রুতি নয়, কাজ চাই। অবিলম্বে পাকা রাস্তার কাজ শুরু না হলে ফের বৃহত্তর আন্দোলনে নামবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন গ্রামবাসীরা।
এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। প্রশাসনের তরফে যদিও জানানো হয়েছে, অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে এবং যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। তবে পীরগাঁ অচিন্তলার বাসিন্দারা এবার কাজে বিশ্বাস রাখতে চান, কথায় নয়।







