মাত্র ১৪ বছর বয়স। জীবনের শুরুতেই ছিল অফুরান স্বপ্ন, ভবিষ্যতের এক ঝলমলে ফুটবল ক্যারিয়ারের প্রতিশ্রুতি। কিন্তু সব শেষ। ফুটবল মাঠেই থেমে গেল সেই কিশোরের পথচলা। ভয়াবহ সংঘর্ষে মৃত্যু হল তরুণ ফুটবলার ইলানের।
ঘটনাটি ঘটেছে ফ্রান্সে, স্যাম এলিট টুর্নামেন্টের একটি ম্যাচ চলাকালীন। বল দখলের লড়াইয়ে প্রতিপক্ষের সঙ্গে আকাশে লাফিয়ে ওঠা—আর সেই সময়েই বুকে মারাত্মক আঘাত পায় ইলান। মাঠেই অচেতন হয়ে পড়ে যায় সে। সঙ্গে সঙ্গেই হাসপাতালে নিয়ে যাওয়া হলেও কোমায় চলে যায়। চিকিৎসকরা একাধিক অস্ত্রোপচারের মাধ্যমে লিভারের অভ্যন্তরীণ রক্তপাত বন্ধ করার চেষ্টা করেন। কিন্তু শেষরক্ষা হয়নি।
ইলানের ক্লাব ‘জুনেস ভিলেনাভাইজ’ একটি হৃদয়বিদারক বার্তায় তার মৃত্যুর কথা নিশ্চিত করেছে। তাদের পোস্টে লেখা, “ভগ্নহৃদয়ে জানাচ্ছি, আমাদের কিশোর ফুটবলার ইলান আর আমাদের মাঝে নেই। কোনও শব্দই যথেষ্ট নয়, শুধু নীরবতা, অশ্রু আর ভালবাসা রইল।”
প্রতিপক্ষ ক্লাব বোর্দুও শোকবার্তা দিয়ে জানিয়েছে, “এই দুঃসময়ে ইলানের পরিবার ও ক্লাবের পাশে রয়েছি। যথেষ্ট শক্তিশালী কোনও শব্দই নেই এই শোক প্রকাশের।”
ইলান চিরবিদায় নিলেও তার স্বপ্ন, তার লড়াই, তার হাসি আজও রয়ে গেল সহস্র হৃদয়ে। ফুটবল বিশ্ব হারাল এক সম্ভাবনাময় প্রতিভাকে। আর ইলান রেখে গেল একটি বার্তা—জীবন অনিশ্চিত, কিন্তু প্রতিটি মুহূর্ত যুদ্ধ করার মতোই মূল্যবান। শান্তিতে ঘুমাও, কিশোর স্বপ্ন। এই মাঠ, এই ফুটবল তোমারই থাকবে।







