দক্ষিণ ২৪ পরগনার মহেশতলার রবীন্দ্র নগর এলাকায় রবিবার সন্ধ্যায় আচমকাই ছড়িয়ে পড়ে উত্তেজনা। তুলসী মঞ্চ তৈরি ঘিরে দুই গোষ্ঠীর মধ্যে শুরু হওয়া তীব্র বিবাদ রূপ নেয় ভয়ঙ্কর সংঘর্ষে। জনতার হাতে আক্রান্ত পুলিশ, রাস্তায় জ্বলছে আগুন, এলাকা পরিণত হল কার্যত রণক্ষেত্রে।
সূত্রের খবর, যেখানে এক ফল বিক্রেতা দীর্ঘদিন ধরে আম বিক্রি করতেন, সাময়িক অনুপস্থিতির সুযোগে সেই জায়গায় তৈরি করা হয় একটি তুলসী মঞ্চ। ফিরে এসে তা দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন ওই ফল বিক্রেতা। তুমুল বচসা শুরু হয়, যা দ্রুতই দুই গোষ্ঠীর সংঘর্ষে পরিণত হয়।
সংঘর্ষ থামাতে গেলে পুলিশও পড়ে যায় জনতার রোষে। মাত্র কয়েকজন পুলিশকর্মী পরিস্থিতি সামাল দিতে পারেননি। উলটে তাঁদের লক্ষ্য করে ছোড়া হয় ইট-পাটকেল। এক পুলিশকর্মীর নাক ফেটে রক্ত বেরিয়ে আসে। বেশ কয়েকজন জখম হন। ভাঙচুর চালানো হয় পুলিশের গাড়িতেও। রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি বাইকে আগুন লাগিয়ে দেওয়া হয়।
পরিস্থিতি হাতের বাইরে চলে যেতে থাকায় প্রশাসন নামে সক্রিয় ভূমিকায়। ঘটনাস্থলে পৌঁছন এডিজি (দক্ষিণবঙ্গ), ডিআইজি (প্রেসিডেন্সি রেঞ্জ)-সহ পুলিশের শীর্ষকর্তারা। বিশাল বাহিনী ও RAF মোতায়েন করা হয়, ছোঁড়া হয় কাঁদানে গ্যাস, চালানো হয় মৃদু লাঠিচার্জ।
তবে এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি পরিস্থিতি। এলাকাজুড়ে টহল দিচ্ছে পুলিশ বাহিনী, থমথমে মহেশতলা। স্থানীয়দের মধ্যে বিরাজ করছে তীব্র আতঙ্ক।







