আমদাবাদের ভয়াবহ বিমান দুর্ঘটনায় যখন মৃত্যু আর ধ্বংসের স্তূপ ছড়িয়ে চারদিকে, তখনই সামনে এল এক এমন দৃশ্য, যা শিহরণ জাগাচ্ছে গোটা দেশবাসীর হৃদয়ে। ২৪১ জন যাত্রীকে সঙ্গে নিয়ে বিধ্বস্ত হওয়া এয়ার ইন্ডিয়ার ড্রিমলাইনার AI-171 ভেঙে পড়ে একটি মেডিক্যাল কলেজের হোস্টেলের ওপর। প্রাণ হারান একমাত্র জীবিত ছাড়া বাকি সকল যাত্রী, সঙ্গে মৃত্যু তিন চিকিৎসা পড়ুয়ারও। আহত প্রায় ৪৫ জন।
এই নারকীয় ঘটনার মাঝেই উদ্ধারকারীরা খুঁজে পান একটি সম্পূর্ণ অক্ষত শ্রীমদ্ভগবদ গীতা—যা কোনওরকম আগুনের আঁচ লাগা তো দূরের কথা, যেন ছোঁয়াও যায়নি ধ্বংসযজ্ঞের। সেই মুহূর্তের ভিডিও এখন ভাইরাল, যেখানে এক ব্যক্তি সেই গীতার পাতাগুলো উল্টে দেখাচ্ছেন। আগুনে ১,০০০ ডিগ্রি সেলসিয়াসের উত্তাপে যখন মানুষ-প্রাণী কেউই রক্ষা পায়নি, তখন ওই পবিত্র গ্রন্থের একটিও পৃষ্ঠা না পোড়া—এটাই নেটিজেনদের বিস্ময়ের কেন্দ্রে।
গীতা কার ছিল, জানা না গেলেও কেউ বলছেন, এটাই ঈশ্বরের ইশারা। কেউ বলছেন, এটা কেবলই কাকতালীয় নয়, এক অলৌকিক বার্তা।
ঘটনাস্থলে উপস্থিত ছিলেন গুজরাতের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল। NDRF-এর বিশেষ দল, পুলিশের টাস্ক ফোর্স, মেডিক্যাল টিম—সকলেই নিরলস উদ্ধারকাজ চালাচ্ছেন। মৃতদের শনাক্ত করতে চলছে ডিএনএ পরীক্ষাও।
এই হৃদয়বিদারক দুর্ঘটনার মাঝেই গীতার অক্ষত অবস্থান যেন ছড়িয়ে দিল এক গভীর আধ্যাত্মিক বার্তা—বিষাদে আচ্ছন্ন ভারতের মননে এক ক্ষণিক আশার আলো।







