বিনোদন

‘মালিক’-এ রাজকুমারের অ্যাংরি ম্যান রূপ, প্রসেনজিৎ চমকে দিলেও ক্লান্তির ছাপ ফেলে অ্যাকশন ধাঁচের চিত্রনাট্য

‘ডিরেক্টর্স অ্যাক্টর’ নামে খ্যাত রাজকুমার রাও দীর্ঘদিন রোম্যান্টিক-কমেডিতে মধ্যবিত্ত দর্শকের মন জয় করেছেন। এবার তাঁর রূপান্তর এক অন্য পরিসরে পেশিশক্তি নয়, চরিত্রের জোরে ‘অ্যাংরি ইয়ং ম্যান’ হয়ে ফিরেছেন ‘মালিক’ ছবিতে। সদ্য মুক্তিপ্রাপ্ত এই ছবিতে রাজকুমার একেবারে ভিন্ন মেজাজে ধরা দিয়েছেন। না, তিনি সিক্স প্যাক কিংবা ডনসুলভ পেশী প্রদর্শন করেননি। বরং, মুখভর্তি দাড়ি, রুক্ষ গলা আর রুক্ষতায় ভরা শরীরী ভাষায় তিনি হয়ে উঠেছেন এক আধিপত্য বিস্তারকারী চরিত্র।

ছবির প্রেক্ষাপট ১৯৮৮ থেকে ১৯৯০ সালের এলাহাবাদ। সাধারণ কৃষকের ছেলে দীপক এক নির্মম হত্যাকাণ্ডের বদলা নিতে গিয়ে নিজেই রক্তপিপাসু হয়ে ওঠে। ধীরে ধীরে সে হয়ে ওঠে শহরের সব অবৈধ কর্মকাণ্ডের ‘মালিক’। মন্ত্রী-রাজনীতিকের সঙ্গে তার ওঠাবসা শুরু হয়, ঘরে ফিরে থাকে তার স্ত্রী শালিনী (মানুষী চিল্লার) ও মা। কিন্তু ভালোবাসার অনুরোধে দীপক বদলায় না, বরং ক্ষমতার নেশায় আরও গা ভাসায়। ছবির প্রথমার্ধ যতটা শক্তপোক্ত, দ্বিতীয়ার্ধ ততটাই দীর্ঘায়িত অ্যাকশনে ভরপুর ও ক্লান্তিকর। হাতাহাতি থেকে শুরু করে গুলি, বাঁশ, বেলচা সব কিছুতেই ‘মালিক’ যেন অদম্য। এই সময়ে চিত্রনাট্যে আসে টুইস্ট, এন্ট্রি নেন এনকাউন্টার স্পেশালিস্ট পুলিশ অফিসার প্রভুদাস, যাঁর ভূমিকায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। দীর্ঘ সময় নিঃশব্দে থাকা এই চরিত্রটি চূড়ান্ত পর্বে হয়ে ওঠে গল্পের চালক, মালিকের পতনের অন্যতম কারিগর।

অভিনয়ে রাজকুমার রাও যথারীতি দক্ষ। তাঁর অ্যাকশনের মধ্যে অভিনয়গুণের ছাপ স্পষ্ট। প্রসেনজিৎ পুলিশ অফিসারের চরিত্রে মানানসই হলেও, বাংলা ছবির এক সফল অভিনেতাকে বলিউডে এমন সাধারণ এক ভূমিকায় দেখে আক্ষেপ থেকে যায়। মানুষী আবেগঘন দৃশ্যে পরিপাটি, আর নতুনদের মধ্যে অংশুমান পুষ্কর নজর কাড়েন মালিকের ডানহাত বদায়ুঁর চরিত্রে। সৌরভ শুক্লা ও সদানন্দ কিরকিরেও তাঁদের পারফরম্যান্সে নির্ভরযোগ্য। গান যেমন ‘নামুমকিন…’ এবং ‘তেরি বাহোমে…’ শ্রুতিমধুর হলেও সিনেমার শেষে তার রেশ ক্ষণস্থায়ী। ছবির বক্স অফিস ফল আশানুরূপ নয়, মুক্তির দিনে কলকাতায় কোনও শো-ই হাউজফুল হয়নি। সবমিলিয়ে, রাজকুমার রাওয়ের নতুন ইমেজ যতটা প্রশংসনীয়, ততটাই ছবির অতিরিক্ত অ্যাকশন নির্মাণে ফিকে পড়েছে মূল বার্তা।

রেটিং – ৩.৫/৫

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.