লন্ডনে ঘটে যাওয়া এক বিভীষিকাময় হত্যাকাণ্ডের রায়ে আদালত দোষী সাব্যস্ত করল এক প্রাপ্তবয়স্ক চলচ্চিত্রের অভিনেতাকে। যৌনতার পরে খুন, রক্ত মেখে নৃত্য, দেহ গোপনের চেষ্টা ঘটনার প্রতিটি পর্বেই চমকে উঠেছে পুলিশ-সহ গোটা সমাজ। ২০২৪ সালের জুলাই মাসে ঘটে যাওয়া এই নারকীয় কাণ্ডে অভিযুক্তের নাম ইয়োস্টিন অ্যান্ড্রেস মসকেরা। তদন্তে উঠে এসেছে, দুই পুরুষ বন্ধু অ্যালবার্ট আলফ্যানসো ও পল লংওয়ার্থের সঙ্গে সেদিন রাতে যৌন সম্পর্কে লিপ্ত হন মসকেরা। এরপরই শুরু হয় বিভীষিকা। ধারালো অস্ত্র দিয়ে তিনি নির্মমভাবে হত্যা করেন দু’জনকে।
পুলিশ জানিয়েছে, খুনের পর নগ্ন হয়ে ঘরের মধ্যে গান চালিয়ে নাচতে শুরু করেন অভিযুক্ত। নিজের শরীরে মৃতদের রক্ত মেখে উদ্ভট আচরণে মেতে উঠেছিলেন তিনি। গোটা ঘটনাটি নিজেই ক্যামেরাবন্দি করেন।
খুনের পর মৃতদেহ দুটি প্রথমে ফ্ল্যাটেই লুকিয়ে রাখেন মসকেরা। পরে দুটি সুটকেসে ভরে তা নির্জন স্থানে ফেলে দেওয়ার উদ্দেশ্যে বের হন। কিন্তু এক সাইকেল আরোহীর সন্দেহে বিষয়টি ফাঁস হয়ে যায়। তিনি আশপাশে লোক ডাকেন এবং পালানোর চেষ্টা করলেও পুলিশ শেষ পর্যন্ত মসকেরাকে গ্রেপ্তার করে।
এক বছরের তদন্ত শেষে আদালতে দোষ স্বীকার করতে না চাইলেও, মসকেরা দাবি করেন, তিনি শুধুমাত্র অ্যালবার্টকে হত্যা করেছিলেন। আরেকজনকে নাকি আগেই খুন করেন অ্যালবার্ট। তদন্তে অবশ্য উঠে এসেছে ভিন্ন তথ্য। জানা গেছে, তিনজনের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। নিয়মিত যৌনতা চলত তাঁদের মধ্যে। এমনকি হত্যাকাণ্ডের আগের দিনও তাঁরা একসঙ্গে ক্লাবে গিয়েছিলেন।
তদন্তে আরও উঠে এসেছে, খুনের পর অ্যালবার্টের ল্যাপটপ ব্যবহার করে তাঁর অ্যাকাউন্ট থেকে কলম্বিয়ার এক ব্যক্তিগত অ্যাকাউন্টে টাকা স্থানান্তরের চেষ্টা করেছিলেন মসকেরা। লক্ষাধিক টাকা হাতানোর চেষ্টার মধ্যে কয়েক হাজার টাকা পাঠাতে সক্ষম হলেও, পরে লেনদেন আটকানো হয়। শেষমেশ আদালতের রায়ে দুই বন্ধুর নৃশংস হত্যার জন্য দোষী সাব্যস্ত হয়েছেন ইয়োস্টিন অ্যান্ড্রেস মসকেরা।







