যশরাজ ফিল্মসের ‘স্পাই ইউনিভার্স’ এতদিন ছিল একপ্রকার পুরুষপ্রধান। তবে এবার সেই ধারা ভাঙতে চলেছে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাট। ইতিমধ্যেই শোনা যাচ্ছে, হৃতিক রোশন এবং জুনিয়র এনটিআর অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘ওয়ার ২’-তেই গোয়েন্দা চরিত্রে আত্মপ্রকাশ করতে চলেছেন তিনি। ২০২৪ সালেই আলিয়ার স্পাই ইউনিভার্সে পা রাখার জল্পনা শুরু হয়েছিল, এবার সেই জল্পনাই যেন বাস্তবে রূপ নিতে চলেছে।
এর আগে যশরাজের ফ্র্যাঞ্চাইজিতে আইএসআই এজেন্ট হিসেবে দীপিকা পাড়ুকোন (‘পাঠান’) এবং ক্যাটরিনা কাইফ (‘টাইগার’) প্রশংসা কুড়িয়েছেন। আসন্ন ‘ওয়ার ২’ দিয়েই স্পাই দুনিয়ায় পা রাখছেন কিয়ারা আডবানি। এবার সেই তালিকায় যুক্ত হচ্ছেন আলিয়াও। যশরাজের আগামী ছবি ‘আলফা’-তে তাঁকে মুখ্য মহিলা গোয়েন্দার ভূমিকায় দেখা যাবে বলে খবর। শর্বরী ওয়াঘও এই ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকছেন। শুক্রবার নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে ‘ওয়ার ২’-এর ট্রেলার শেয়ার করে আলিয়া লিখেছেন,”আহা দারুণ মজার! আপনাদের সঙ্গে আগামী ১৪ আগস্ট দেখা হচ্ছে আপনার নিকটবর্তী সিনেমাহলে।” তাঁর এই পোস্টের পর থেকেই শুরু হয়েছে তুমুল জল্পনা।
বলিপাড়া সূত্রে খবর, ‘ওয়ার ২’ ছবিতেই ক্যামিও চরিত্রে হাজির হয়ে ‘আলফা’-র গোয়েন্দারূপে দর্শকদের সামনে আত্মপ্রকাশ করবেন আলিয়া। ‘পাঠান’ ও ‘টাইগার’ সিরিজে যেমন শাহরুখ ও সলমন একে-অপরের ছবিতে উপস্থিত হয়েছেন, ঠিক সেই পথেই হাঁটতে চলেছে ‘ওয়ার ২’। কিয়ারার সঙ্গে অ্যাকশন দৃশ্যে দেখা গিয়েছে হৃতিককে। এবার যদি আলিয়াও অ্যাকশন মুডে ধরা দেন, তাহলে দর্শকদের জন্য নিঃসন্দেহে তা হবে এক নতুন চমক।







