কখনও হালকা আবার কখনও ভারী বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তবে আজ সোমবার থেকে দক্ষিণে ভারী বৃষ্টি হবে না। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, দক্ষিণবঙ্গে আজ বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুত সহ বৃষ্টি হতে পারে প্রায় সব জেলাতেই। তবে উত্তরবঙ্গে দুর্যোগপূর্ণ থাকবে আবহাওয়া।
দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর
আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে চলতি সপ্তাহ জুড়ে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। বৃষ্টির পাশাপাশি কোনও কোনও জেলায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা একাধিক জেলায়।
আজ সপ্তাহের প্রথম দিনে দুই ২৪ পরগনা, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়ার মতো জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামীকাল ও পরশু বৃষ্টি কিছুটা কমলেও বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে নতুন করে বৃষ্টি আরও বাড়তে পারে। মোট কথা, গোটা সপ্তাহ জুড়ে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের। তবে বৃষ্টি চললেও আর্দ্রতাজনিত অস্বস্তি বহাল থাকবে।
উত্তরবঙ্গের আবহাওয়া
উত্তরবঙ্গ থেকে সরে গিয়েছে ঘূর্ণাবর্ত। কিন্তু সেখানে দুর্যোগ এখনই থামছে না। উত্তরের পাহাড় সংলগ্ন জেলাগুলিতে বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী শনিবার পর্যন্ত। আজ, সোমবার উত্তরবঙ্গের আট জেলায় ভারী বৃষ্টি হতে পারে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। বাকি উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদহে ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। সোমবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিতে ঝড়ের পূর্বাভাস রয়েছে। জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।







