কোচবিহারের দিনহাটা মহকুমা হাসপাতালে সিজারিয়ান অস্ত্রোপচারের সময় এক সদ্যোজাত শিশুর কপালে আঘাত লাগার ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। অভিযোগ, ডেলিভারির সময় অসাবধানতাবশতঃ নবজাতকের কপালে ধারালো অস্ত্রের ঘা লাগে, যার ফলে সেখানে সেলাই দিতে হয়। ঘটনাটি জানাজানি হতেই পরিবারের সদস্যরা ক্ষোভে ফেটে পড়েন এবং পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
দিনহাটার বড় শোলমারি এলাকার বাসিন্দা বিউটি খাতুন রবিবার প্রসব যন্ত্রণা নিয়ে দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি হন। দুপুরবেলা অস্ত্রোপচারের মাধ্যমে তিনি একটি পুত্রসন্তানের জন্ম দেন। অভিযোগ, সন্তানের জন্মের পর অনেকক্ষণ পর্যন্ত নবজাতককে পরিবারের কাছে আনেনি হাসপাতাল কর্তৃপক্ষ। পরে যখন শিশুটিকে দেখানো হয়, তখন তার কপালে ব্যান্ডেজ দেখে হতবাক হয়ে যান পরিবারের সদস্যরা।
এই ঘটনায় নবজাতকের বাবা সালাম মিঞা দিনহাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। খবর পেয়ে পুলিশ দ্রুত হাসপাতালে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, প্রসূতির ডেলিভারি ছিল জটিল। অস্ত্রোপচারের সময় দুর্ঘটনাবশত নবজাতকের কপালে ক্ষত তৈরি হয়, ফলে জরুরি ভিত্তিতে সেলাই দিতে হয়। বর্তমানে মা ও সন্তান দু’জনেই স্থিতিশীল রয়েছেন বলে জানানো হয়েছে। তবে এই প্রসঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষ মুখ খোলেনি।
ঘটনার পরিপ্রেক্ষিতে চিকিৎসা পরিষেবার গাফিলতি নিয়ে প্রশ্ন উঠছে, এবং সঠিক তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা।







