একটা সময় ছিল, যখন ডাকবাক্সে পড়া একখানা রেজিস্টার্ড চিঠি মানে ছিল অজস্র অপেক্ষা, উদ্বেগ আর নির্ভরতার আশ্বাস। চাকরির নিয়োগপত্র হোক বা কোর্টের সমন—সব কিছুতেই মানুষের ভরসা ছিল রেজিস্টার্ড পোস্ট। প্রায় পাঁচ দশক ধরে চলা রেজিস্টার্ড পোস্ট পরিষেবা এবার বন্ধ হতে চলেছে। ভারতীয় ডাক বিভাগ ঘোষণা করেছে, ২০২৫ সালের ১ সেপ্টেম্বর থেকে আর এই পরিষেবা মিলবে না। পরিবর্তে রেজিস্টার্ড পোস্টের সমস্ত সুবিধা যুক্ত হবে স্পিড পোস্ট পরিষেবার সঙ্গে।
ডিজিটাল যুগে দ্রুত যোগাযোগের প্রয়োজনীয়তা ও আধুনিক প্রযুক্তির সঙ্গে তাল মেলাতেই এই পদক্ষেপ। ১৯৮৬ সালে চালু হওয়া স্পিড পোস্ট এখন আরও উন্নতভাবে কাজ করবে রিয়েল-টাইম ট্র্যাকিং, নিরাপদ ডেলিভারি এবং অনলাইন বুকিং-এর মাধ্যমে।
তবে এতে ব্যয় কিছুটা বাড়বে। রেজিস্টার্ড পোস্ট যেখানে শুরু হতো প্রায় ২৬ টাকা থেকে, সেখানে স্পিড পোস্টের খরচ শুরু ৪১ টাকা থেকে। ফলে সাধারণ গ্রাহকদের ওপর অর্থনৈতিক চাপ কিছুটা বাড়তে পারে।
একসময় রেজিস্টার্ড পোস্ট ছিল সরকারি চিঠি, আদালতের নোটিস, চাকরির অফার পাঠানোর নির্ভরযোগ্য মাধ্যম। কিন্তু ২০১১ থেকে ২০১৯ সালের মধ্যে এর ব্যবহার ২৫% কমেছে। ই-মেইল, অনলাইন মেসেজিং ও বেসরকারি কুরিয়ারের উত্থানে এই পরিষেবার চাহিদা হ্রাস পেয়েছে।
রেজিস্টার্ড পোস্টের ইতি মানে এক ঐতিহাসিক অধ্যায়ের সমাপ্তি। ব্রিটিশ আমলে শুরু হওয়া এই পরিষেবা বহু মানুষের স্মৃতির সঙ্গে জড়িয়ে। বিশেষ করে পুরোনো প্রজন্মের কাছে এটি ছিল বিশ্বাস ও নিশ্চয়তার প্রতীক।
ইন্ডিয়া পোস্ট আধুনিক প্রযুক্তির সাহায্যে পরিষেবাকে আরও উন্নত করার আশ্বাস দিয়েছে। তবুও রেজিস্টার্ড পোস্ট বন্ধ হওয়া এক আবেগঘন বিদায়, যা প্রমাণ করে সময়ের সাথে সঙ্গে বদলায় অভ্যাস, বদলায় মাধ্যম। খালি বদলায় না স্মৃতি,রয়ে যায় আজীবন







