পূর্বাভাস মতোই বঙ্গোপোসাগরে তৈরী হচ্ছে নিম্নচাপ। তবে স্বস্তির খবর মূলত পশ্চিমবঙ্গের উপরে এই নিম্নচাপের প্রভাব সেরকম পড়বে না। তবে রাজ্যের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। সবমিলিয়ে আজ কেমন থাকবে আবহাওয়া? রইল আপডেট।
দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস :
আজ বৃহস্পতিবার ও আগামিকাল শুক্রবার দক্ষিণবঙ্গের উপকূল ও পশ্চিমের জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে । বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে উপকূল ও পশ্চিমের জেলাগুলিতে । উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলার কিছু অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে । সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে ।
শনিবার বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে বেশ কয়েকটি জেলায় । নদিয়া, মুর্শিদাবাদ ও বীরভূমে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ।
রবি ও সোমবার বৃষ্টির পরিমাণ অনেকটা কমবে । দক্ষিণবঙ্গের দুয়েক জেলার কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি । আংশিক মেঘলা আকাশ এবং অস্বস্তি বাড়বে ।
উত্তরবঙ্গের আবহাওয়া:
উত্তরবঙ্গের প্রবল বৃষ্টি হলেও সেই বৃষ্টি রেকর্ড নয়। প্রতিবছরই বর্ষার সময় এরকম বৃষ্টি হয় বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তবে এই বৃষ্টি নিয়ে কিছু সতর্কতা ও পরামর্শ দিয়েছে হাওয়া অফিস। নিচু এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। বিভিন্ন রোডে আন্ডারপাস এবং নীচু এলাকার নদী সংলগ্ন এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা। ভারী বৃষ্টির কারণে নদীর জল স্তর বাড়বে। তিস্তা, তোর্সা, জলঢাকা নদীতে জলস্তর বাড়বে। ভারী বৃষ্টির কারণে দৃশ্যমানতা কমবে। দার্জিলিং ও পাহাড়ের বিশেষ করে পাহাড়ি রাস্তায় ভারী বৃষ্টির কারণে দৃশ্যমানতা অনেকটা কমবে। দার্জিলিং, কালিম্পং- এর পার্বত্য এলাকায় ধস নামার আশঙ্কা। সিকিমেও ধসের আশঙ্কা রয়েছে।
কলকাতার আবহাওয়া:
কলকাতায় আজ, বৃহস্পতিবার মূলত মেঘলা আকাশ। বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ আর্দ্রতাজনিত অস্বস্তির সম্ভাবনা বেশি। আগামী ২৪ ঘণ্টায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। আগামী কয়েক দিন বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি। বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। শনিবার থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে এবং আর্দ্রতাজনিত অস্বস্তি অনেকটাই বাড়বে।







