জেলা

নকশালবাড়ির স্কুল চত্বরে মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য, প্রশ্নের মুখে প্রশাসন

নকশালবাড়ি: নজরে আসতেই উত্তেজনা ছড়াল স্কুল-সহ গোটা এলাকায়। সোমবার সকালে নকশালবাড়ির এক স্কুল চত্বরের ভেতরে অবস্থিত সবুজ সাথী সাইকেলের গুদামঘর থেকে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়। মুহূর্তে ঘটনাস্থলে ভিড় জমায় অভিভাবক ও স্থানীয়রা। স্কুল স্বাভাবিকভাবে চালু থাকলেও অভিভাবকরা প্রশ্ন তুলেছেন—এমন পরিস্থিতিতে কেন ছুটি ঘোষণা করা হল না?

পুলিশ সূত্রে খবর, মৃতদেহ উদ্ধারের পর গোটা এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে। মৃত ব্যক্তির নাম-পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি। প্রাথমিকভাবে অনুমান, শনিবার গুদামে ফ্যান চুরি করতে ঢুকেছিল ওই ব্যক্তি। সেখানেই বিদ্যুত্‍স্পৃষ্ট হয়ে মৃত্যু হয় তার। তবে ঘটনাটি সম্পূর্ণ রহস্যময় বলেই মনে করছে স্থানীয় বাসিন্দারা।

জলপাইগুড়ি থেকে তিন সদস্যের ফরেন্সিক দল ঘটনাস্থল পরিদর্শন করে একাধিক নমুনা সংগ্রহ করেছে। দেহ ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে স্পষ্ট হবে মৃত্যুর প্রকৃত কারণ।

স্থানীয় বাসিন্দাদের দাবি, এই ধরনের ঘটনা আগে কখনও ঘটেনি। প্রশাসনের উচিত দ্রুত তদন্ত করে রহস্যের পূর্ণ উদঘাটন করা।

পুলিশের একাংশ জানিয়েছে, সব দিক খতিয়ে দেখা হচ্ছে। মৃতদেহ কেন এবং কীভাবে স্কুল চত্বরে এল, তার উত্তর মিললেই পরিস্থিতি পরিষ্কার হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.