কলকাতা

আবারো অঘটন যাদবপুরে, রহস্যময় মৃত্যু ছাত্রীর

২০২৩ সালের পর ২০২৫! মাত্র ১২৫ দিনের ব্যবধানে আবারো শিক্ষার্থীর মৃত্যুর ঘটনা পুনরাবৃত্তি ঘটলো যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। বৃহস্পতিবার দশটার সময় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের চার নম্বর গেটের কাছে ইউনিয়ন রুমের সামনের ঝিলপাড় থেকে অচৈতন্য অবস্থায় উদ্ধার হয় ইংরেজি স্নাতকে পাঠরতা দ্বিতীয় বর্ষের ছাত্রী অনামিকা মণ্ডলের দেহ। তদন্তকারীদের দাবী, কাল বিশ্ববিদ্যালয়ে চলছিল রুহানিয়াৎ ফেস্টিভ্যাল। সেই অনুষ্ঠান চলাকালীন পাঁচ বন্ধুর সাথে ঝিলপাড়ে বসে মদ্যপান করেন অনামিকা,এরপরই সাঁতার না জানা,বন্ধুদের বাঁধা উপেক্ষা করে ঝিলের জলে নেমে যান তিনি। কিছুক্ষণ পর বন্ধুরা বুঝতে পারেন তলিয়ে যাচ্ছেন অনামিকা। জলের গভীরতা কম থাকায় কেউ ঘুণাক্ষরেও আঁচ করেনি এই ঘটনার। তৎক্ষণাৎ ছাত্রীকে বাঁচানোর জন্য বন্ধুরা জলে নামেন,দেওয়া হয় সিপিআর। নিরাপত্তারক্ষীদের সাহায্যে স্থানীয় কেপিসি হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত ঘোষণা করা হয়।

অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। বিশ্ববিদ্যালয়ের চার নম্বর গেট দিয়ে ঢুকেই বাঁ দিকে আছে কলা ও ইংরেজি বিভাগের বিল্ডিং। ওই বিল্ডিংয়ের মুখেই রয়েছে একটি সিসি ক্যামেরা। তা চার নম্বর গেটের দিকে তাক করা। এ ছাড়া, সিকিউরিটি রুমের কাছে একটি সিসি ক্যামেরা রয়েছে এবং কলা বিভাগের দিকে রয়েছে আরও একটি সিসি ক্যামেরা। এছাড়াও ইউনিয়ন রুমের পাশ দিয়ে পুকুরপাড় বরাবর একটি সরু রাস্তা আছে। সেখানের শেষ প্রান্তে রয়েছে দু’টি শৌচাগার। অনামিকা সেখান থেকে পুকুরে পড়ে গিয়েছিলেন কি না, সব খতিয়ে দেখছে পুলিশ।

এরই মাঝে সোশাল মিডিয়ায় মৃতার ‘বিশেষ বন্ধু’ অত্রি ভট্টাচার্যের পোস্টে মনভার নেটিজেনদের। অত্রি দুজনের মিষ্টি মুহূর্তের ছবি পোস্ট করে লেখেন, ‘আমার ভালবাসায় নিশ্চয়ই কোন খামতি ছিল। আমার পূর্বজন্মের নিশ্চয়ই ছিল কোন পাপ।তাই শুধু আমাকে না, সকলকে ছেড়ে চলে গেলি। আর কোনও কথা নেই। রাগ নেই। হেসেও উঠবি না আর। আমাকে এই নরক থেকে নিয়ে যেতে পারতিস মিষ্টু।’ সূত্রের খবর, অত্রি বর্তমানে হাসপাতলেই রয়েছেন। তিনি জানিয়েছেন ঘটনার দিন অনামিকার সাথে তাঁর কোনো কথা হয়নি। তদন্তের স্বার্থে, তাঁর সাথেও কথা বলবেন তদন্তকারীরা। আজ শুক্রবার ছাত্রীর ময়নাতদন্ত হবে। এই ঘটনায় আরো একবার প্রশ্ন উঠলো যাদবপুরে শিক্ষার্থী সুরক্ষা নিয়ে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.