২০১১ সালের পর থেকে রাজ্যের সংশোধনাগার থেকে ৮৪০ জন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বন্দিকে মুক্তি দিয়েছে রাজ্য সরকার। সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোশাল মিডিয়ায় পোস্ট করে এ তথ্য জানান। তিনি বন্দিদের পরিবারকে শুভেচ্ছা জানিয়ে বলেন, “সংশোধনাগারের কাজ অপরাধীদের মানসিকতার পরিবর্তন করে, তাঁদের সমাজের মূলস্রোতে ফিরিয়ে আনা।”
আইন অনুযায়ী, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বন্দি ১৪ বছর বা তার বেশি সময় কারাবন্দি থাকার পর মুক্তির জন্য আবেদন করতে পারেন। এরপর আদালত তাঁদের আচরণ, মানসিক পরিবর্তন এবং সংশোধনাগারে থাকার সময়ের নানা বিষয় বিবেচনা করে রাজ্য সরকারকে মুক্তির সুপারিশ করে।
মুখ্যমন্ত্রী লিখেছেন, “যাঁদের ইতিমধ্যেই ১৪ বছরের বেশি বন্দিদশা সম্পূর্ণ হয়েছে, তাঁদের অনেককেই আমরা আইন মেনে মুক্তি দিয়েছি। ২০১১ সালের পর থেকে ৮৪০ জন বন্দি মুক্তি পেয়েছেন। আরও ৪৫ জনকে আইনের পথে মুক্তি দেওয়া হচ্ছে। আমি তাঁদের ও তাঁদের পরিবারের সবাইকে অভিনন্দন জানাই।”
প্রসঙ্গত, সম্প্রতি যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কলকাতার বাসিন্দা সুব্রত সরকার জেল থেকে মুক্তি পেয়ে সমাজের মূল স্রোতে ফিরে এসেছেন। রাজ্য প্রশাসন তাঁকে সবরকম সাহায্য করেছে; ব্যাঙ্কের মাধ্যমে লোন নিয়ে কিনে দেওয়া হয়েছে একটি অটো, যা চালিয়ে তিনি প্রতিদিন রাসবিহারি থেকে বেহালা রুটে যাতায়াত করছেন।







