জেলা

অসুর বানিয়ে সুপারহিট রাজ্যের এই পুজো

শারদ উৎসবের আবহে রাজ্যজুড়ে পুজো মণ্ডপে চলছে থিমের লড়াই। এর মধ্যেই মুর্শিদাবাদের বহরমপুর শহরের খাগড়া শ্মশানঘাট দুর্গাপূজা কমিটি চমক দিল তাদের ৫৯ তম বর্ষে। এ বছরের সাবেকি ধাঁচের প্রতিমায় দেবীর পায়ের কাছে থাকা এক অসুরের মুখ দেখে অনেকেই চিনে ফেলেছেন—সে নাকি আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প!

পঞ্চমীর সকাল থেকেই এই ‘ট্রাম্পরূপী’ অসুর দেখতে ভিড় জমছে মণ্ডপে। প্রতিমা গড়েছেন জেলার জনপ্রিয় শিল্পী অসীম পাল। উদ্বোধন করেছেন বহরমপুর পুরসভার চেয়ারম্যান নাড়ুগোপাল মুখার্জি। উদ্বোধনের পর মুহূর্তেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায় এই বিশেষ অসুরের ছবি। এরপর থেকে ভিড় বাড়তে থাকে মণ্ডপে।

হিন্দু পুরাণ অনুসারে, মহিষাসুর বধের আগে দেবী দুর্গা মধু ও কৈটভ নামের দুই অসুরকে বধ করেছিলেন। সেই কাহিনিই এবারের থিম। দেবী দুর্গার পায়ের কাছে এক অসুর পড়ে, অন্যজন কার্তিকের সঙ্গে যুদ্ধরত—এমন দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে। আর এই যুদ্ধরত অসুরের মুখের সঙ্গে ট্রাম্পের মিল খুঁজে পাচ্ছেন দর্শনার্থীরা।

কমিটির সদস্য প্রতীক রায় জানান, “ডোনাল্ড ট্রাম্পকে আমরা অসুর হিসেবেই দেখছি। একসময় ভারতের বন্ধু হিসেবে হাজির হলেও, শেষ পর্যন্ত তিনি বিশ্বাসঘাতকতা করেছেন। ভারতের উপর অতিরিক্ত শুল্ক চাপিয়ে অর্থনীতিকে চাপে ফেলেছেন। তাই তাঁকে প্রতিমার পায়ের কাছে অসুর রূপে রাখা হয়েছে।”

দর্শনার্থীদের অনেকেও একমত। বহরমপুরের অর্থনীতির ছাত্রী বিদিশা মৈত্র বলেন, “ট্রাম্পের অতিরিক্ত শুল্কের কারণে সোনা-ডলারের দাম বেড়েছে। এর প্রভাব ভারতীয় অর্থনীতিতে পড়তে পারে।” অপর এক দর্শনার্থী আদিত্য দাসের বক্তব্য, “কার্তিকের সঙ্গে যুদ্ধরত অসুরের মুখে ট্রাম্পের স্পষ্ট ছায়া আছে। ছবি ভাইরাল হওয়ার পরই আমরা বন্ধুরা এখানে এসেছি।”

এভাবেই স্থানীয় এক দুর্গোৎসব আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রে চলে এসেছে—অসুরের মুখে ডোনাল্ড ট্রাম্পকে খুঁজে পেয়ে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.