নিজস্ব সংবাদদাতা, অনুপম জানা: দিঘার সমুদ্র যেন এ মুহূর্তে প্রকৃতির রুদ্র রূপের প্রতিচ্ছবি। অঝোরে বৃষ্টি, দমকা হাওয়া আর আছড়ে পড়া বিশাল ঢেউ—সব মিলিয়ে উপকূলজুড়ে তৈরি হয়েছে ভয়াবহ পরিস্থিতি। বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের জেরে দিঘা, শঙ্করপুর, মন্দারমণি ও তাজপুর সমুদ্রতট জুড়ে প্রবল বিরূপ আবহাওয়া দেখা দিয়েছে।
আকাশে ঘন কালো মেঘের আস্তরণ, দফায় দফায় ঝোড়ো হাওয়া ও উত্তাল ঢেউয়ে কার্যত বিপর্যস্ত দিঘার দৈনন্দিন ছন্দ। হোটেল-লজে আশ্রয় নেওয়া পর্যটকদের বারবার সতর্ক করা হচ্ছে। দিঘা-শঙ্করপুর হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সুশান্ত পাত্র জানান, “পর্যটকদের সুরক্ষার স্বার্থে সমুদ্রস্নান সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে। সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।”
এদিকে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিন এই অস্বাভাবিক আবহাওয়া অব্যাহত থাকার আশঙ্কা। পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন ইতিমধ্যেই সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে। সমুদ্রতটে মোতায়েন রয়েছে সিভিক ভলান্টিয়ার এবং ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম।
দিঘার নোনতা বাতাসে এখন ভেসে আসছে শুধু উত্তাল ঢেউয়ের গর্জন। প্রকৃতির এই রুদ্রসৌন্দর্য দেখতে ভিড় বাড়লেও নিরাপত্তার খাতিরে সমুদ্রতটে কড়া নজরদারি চালানো হচ্ছে।







