চন্দননগরের ঐতিহ্যবাহী জগদ্ধাত্রী পুজোর শোভাযাত্রায় এ বছর আর অন্ধকারে ঢাকঢোলের তালে তালে মাতবে না শহর। দীর্ঘদিনের প্রথা ভেঙে এবার শোভাযাত্রার দিনেও জ্বলবে আলো। সোমবার চন্দননগরের রবীন্দ্রভবনে অনুষ্ঠিত প্রশাসনিক বৈঠকে এই সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে।
বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন, চন্দননগরের পুলিশ কমিশনার অমিত পি. জাভালগি, জেলাশাসক মুক্তা আর্য, মেয়র রাম চক্রবর্তী, ডেপুটি মেয়র মুন্না আগরওয়াল, ভদ্রেশ্বরের পুরপ্রধান প্রলয় চক্রবর্তী, এবং বিদ্যুৎ দপ্তরের আধিকারিকরা।
এতদিন শোভাযাত্রার নিরাপত্তার কারণে কিছু সময়ের জন্য বিদ্যুৎ পরিষেবা বন্ধ রাখা হত। কিন্তু এবার তা আর হচ্ছে না। বিদ্যুৎ দপ্তরের রিজিওনাল ম্যানেজার মধুসূদন রায় জানিয়েছেন, দু’বছর আগে শুরু হওয়া আন্ডারগ্রাউন্ড কেবল বসানোর কাজ এখন সম্পূর্ণ। ফলে নিরাপদভাবেই নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ সম্ভব।
মন্ত্রী ইন্দ্রনীল সেন বলেন, “চন্দননগরের জগদ্ধাত্রী শোভাযাত্রা শুধু এই শহরের নয়, গোটা বিশ্বের গর্ব। এবার দর্শনার্থীদের থাকার জন্য পর্যটন দপ্তরের উদ্যোগে কেএমডিএ পার্কে তৈরি হয়েছে ‘আলো রিসর্ট’। পাশাপাশি প্রায় ১০৪ কোটি টাকার ব্যয়ে মাটির নিচ দিয়ে বিদ্যুতের তার বসানোর কাজও শেষের পথে।”
তিনি আরও জানান, সপ্তমীর আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত দিয়ে এই প্রকল্পের উদ্বোধন হওয়ার সম্ভাবনা রয়েছে।
এবার তাই আলোয় আলোকিত চন্দননগর, বিদ্যুৎবিহীন নয়—বরং ঝলমলে বিদ্যুৎ আলোয় আরও উজ্জ্বল হবে দেবীর শোভাযাত্রা।







