বাংলা ভাষায় কথা বলার অভিযোগে মহারাষ্ট্রের ভিওয়ান্ডিতে গ্রেফতার হওয়া পশ্চিমবঙ্গের দুই পরিযায়ী শ্রমিক অসিত সরকার ও গৌতম বর্মণের পাশে দাঁড়াল তৃণমূল কংগ্রেস। রাজ্যে ফিরে রবিবার তাঁদের সঙ্গে দেখা করেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন তৃণমূলের সোশ্যাল মিডিয়া পেজে বিষয়টি নিয়ে একটি পোস্ট করা হয়।
তৃণমূল সূত্রে জানানো হয়েছে, গ্রেফতার হওয়া দু’জনেরই বাড়ি কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের সংসদীয় এলাকায়। আরও চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে—দু’জনের নামই রয়েছে খসড়া ভোটার তালিকায় (SIR)। অর্থাৎ আইনত তাঁরা বাংলার বৈধ ভোটার। শুধু তাই নয়, গৌতম বর্মণ নিজেই বিজেপির একজন বুথ সভাপতি। তা সত্ত্বেও গ্রেফতারের পর তাঁর স্ত্রী সাহায্যের আশায় বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারের দফতরে যোগাযোগ করলেও কোনও সাড়া মেলেনি বলে অভিযোগ।
এই ঘটনার প্রেক্ষিতে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারকে কড়া ভাষায় নিশানা করেছে তৃণমূল। শাসক দলের অভিযোগ, নিজের এলাকার মানুষ এমনকি নিজের দলের সক্রিয় কর্মীকেও রক্ষা করতে এগিয়ে আসেননি তিনি।
তৃণমূলের পোস্টে বলা হয়েছে, “রাজনৈতিক প্রতিপক্ষ হয়েও মানবিক দায়বদ্ধতা থেকে তৃণমূল কংগ্রেস আক্রান্তদের পাশে দাঁড়িয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁদের সঙ্গে কথা বলে পরিস্থিতি শোনেন এবং পরিবারগুলিকে সাহায্যের আশ্বাস দেন।” দলটির দাবি, এর সঙ্গে কোনও রাজনৈতিক স্বার্থ জড়িত নয়—বাংলা ভাষায় কথা বলা যদি অপরাধ বলে গণ্য হয়, তবে তার প্রতিবাদ করা এবং নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানোই তাদের দায়িত্ব।
উল্লেখ্য, বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপর নির্যাতনের অভিযোগ নতুন নয়। এর আগেও বাংলা বলার ‘অপরাধে’ মারধর থেকে শুরু করে রহস্যমৃত্যুর অভিযোগ উঠেছে। সাম্প্রতিক সময়ে ওড়িশার সম্বলপুরে এক বাঙালি পরিযায়ী শ্রমিক জুয়েল শেখকে পিটিয়ে খুনের অভিযোগ ঘিরে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। সহকর্মীদের দাবি, আধার কার্ড দেখতে চাওয়াকে কেন্দ্র করেই হামলার সূত্রপাত হয় এবং বাংলাদেশি সন্দেহে নির্মমভাবে নির্যাতন করা হয় তাঁকে। চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ১৯ বছরের জুয়েলের।
এই ঘটনার প্রতিবাদে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় বিজেপি সরকারকে কড়া ভাষায় আক্রমণ করেন। তিনি জানান, বিজেপিশাসিত রাজ্যগুলিতে বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপর যে অত্যাচার চলছে, তার বিরুদ্ধে পশ্চিমবঙ্গ সরকার কঠোর অবস্থান নেবে। পাশাপাশি নিহত যুবকের পরিবারের পাশে থাকার আশ্বাসও দিয়েছেন মুখ্যমন্ত্রী।
পরপর এই ঘটনাগুলিতে বাংলা ভাষা ও বাঙালি পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তা নিয়ে নতুন করে রাজনৈতিক ও সামাজিক বিতর্ক তীব্র হয়েছে।







