সামশেরগঞ্জ: মুর্শিদাবাদের সামশেরগঞ্জের নতুন শিবনগর এলাকা কেঁপে উঠল এক হৃদয়বিদারক ঘটনার অভিঘাতে। আজ দুপুরে রেললাইনের ধারে খেলতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু হল তিন কিশোরের। মৃতদের নাম — জিসান শেখ, আরিয়ান শেখ এবং রিহাত শেখ।
প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, কিশোররা রেললাইনের পাশে খেলছিল, তখনই দ্রুতগতির একটি ট্রেন চলে আসে। মুহূর্তের মধ্যেই ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা। ঘটনাস্থলেই মৃত্যু হয় তিনজনের।
ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান ফারাক্কার এসডিপিও, সামশেরগঞ্জ থানার আইসি এবং রেল পুলিশের আধিকারিকরা। ইতিমধ্যেই মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, এলাকায় রেললাইনের পাশে প্রায়ই শিশু-কিশোরদের খেলতে দেখা যায়, কিন্তু রেল দফতরের তরফে তেমন কোনও সতর্কতা বা নিরাপত্তা ব্যবস্থা দেখা যায় না। এই দুর্ঘটনা ঘিরে গ্রামে নেমেছে গভীর শোকের ছায়া। কিশোরদের পরিবারে চলছে আহাজারি, গোটা এলাকাজুড়ে শোক ও ক্ষোভের পরিবেশ।
রেল কর্তৃপক্ষ এবং স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্ঘটনার কারণ নিয়ে তদন্ত শুরু হয়েছে এবং ভবিষ্যতে এমন দুঃখজনক ঘটনা রুখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
এই মর্মান্তিক ঘটনার পর আবারও প্রশ্ন উঠছে — নিরাপত্তা ব্যবস্থা জোরদার না হলে এমন প্রাণহানি কি থামবে?







