হাড়োয়া, উত্তর ২৪ পরগনা:এলাকার এক উৎসবকে কেন্দ্র করে বাজনা বাজানোকে ঘিরে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হল উত্তর ২৪ পরগনার হাড়োয়া থানার অন্তর্গত গোবেড়িয়া ও বয়ারকোর্ট গ্রামে। উৎসব শেষ হতেই দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে প্রথমে বচসা, পরে তা গড়ায় মারপিটে। ঘটনায় গুরুতর আহত হয়েছেন অন্তত চারজন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার (৬ জুলাই) সন্ধ্যায় এক ধর্মীয় উৎসবের শেষ পর্যায়ে বাজনার তালে তালে শুরু হয় উত্তেজনা। অভিযোগ, কে আগে বাজাবে বা কার দল বেশি জোরে বাজাচ্ছে—এই নিয়ে শুরু হয় তর্ক। মুহূর্তেই দুই পক্ষ একে অপরের উপর চড়াও হয়। বাঁশ, লাঠি, ইট-পাটকেল উড়ে যেতে থাকে। আহতদের মধ্যে রয়েছেন শুভজিৎ মন্ডল এবং শুকদেব মন্ডল, যাঁরা বর্তমানে হাড়োয়া গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন।
ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় হাড়োয়া থানার বিশাল পুলিশবাহিনী। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে থাকলেও এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে হাড়োয়া থানার পুলিশ।
আহত শুভজিৎ মন্ডল বলেন,
“আমি কিছু বলতেও পারিনি, হঠাৎ পিছন থেকে লাঠি মেরে দেয়। মাথা ঘুরে পড়ে যাই।”
আহত শুকদেব মন্ডলের বক্তব্য,
“আমরা চাই এমন ঘটনা আর না ঘটুক। পুলিশ তদন্ত করুক, দোষীদের শাস্তি হোক। আমরা উৎসবে আনন্দ করতে গিয়েছিলাম, কিন্তু শেষটা এমন হল বুঝতে পারিনি।”
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোটা ঘটনার ভিডিও ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। এলাকার শান্তিশৃঙ্খলা বজায় রাখতে টহলদারি জোরদার করা হয়েছে।







