দেশে ফিরতেই জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ এর হাতে গ্রেফতার লরেন্স বিষ্ণই এর ভাই কুখ্যাত গ্যাংস্টার আনমোল বিষ্ণই । গ্রেফতারির পরেই আনমোল কে হাজির করানো হয় , দিল্লির পটিয়ালা আদালতে । এই আনমোল বিষ্ণোই এর বিরুদ্ধে , দেশের মধ্যেই কমপক্ষে ১৮ টি গুরুতর অপরাধের আভিযোগ রয়েছে । যে অভিযোগ গুলির মধ্যে উল্লেখযোগ্য হলো , বাবা সিদ্দিকি খুন, অভিনেতা সলমন খানের বাড়িতে গুলি, পাঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালা খুন ।
বুধবারই , আমেরিকা থেকে ফেরত আসেন ২০০ ভারতীয়। যে তালিকায় ছিলেন গ্যাংস্টার আনমোল বিষ্ণইও । উল্লেখ্য , চলতি বছরের শুরুতে , আনমোল আলাস্কায় , মার্কিন গোয়েন্দাদের হাতে পাকড়াও হন। আমেরিকায় , বেআইনি ভাবে প্রবেশ করায় , তাকে গ্রেফতার করা হয়েছিল । তারপর থেকেই তার প্রত্যাবর্তনের চেষ্টা করছিল ভারত। তাকে মোস্ট ওয়ান্টেড অপরাধী হিসেবে ঘোষণাও করেছিল ভারতের জাতীয় তদন্তকারী সংস্থা তথা NIA । আর এবার তার ভারতে প্রত্যাবর্তনকে বড় সাফল্য হিসেবেই দেখা হচ্ছে ।
মহারাষ্ট্রের বাবা সিদ্দিকিকে খুনের ঘটনায় আনমোলকেই মূল ষড়যন্ত্রী হিসেবে ধরা হয় । এছাড়াও ২০২২ সালে পাঞ্জাবি গায়ক সিধুর হত্যার ঘটনায়ও নাম জড়ায় তার । সলমন খানের বাড়ির সামনে , তার নির্দেশেই গুলি চলেছিল বলেও অভিযোগ ।
প্রসঙ্গত , আনমোলের ভারতে প্রত্যাবর্তনের খবর প্রকাশ্যে আনেন বাবা সিদ্দিকির পুত্র জিশান সিদ্দিকি । তিনি জানান , “আমার পরিবার আমেরিকায় ভিকটিম পরিবার হিসাবে নিজেদের নথিভুক্ত করেছে। ভিকটিম নোটিফিকেশন থেকে আমরা আনমোল বিষ্ণোই সম্পর্কে আপডেট পাই। আজ সেখান থেকে একটি ইমেল পেয়েছি যে ১৮ নভেম্বর আনমোল বিষ্ণোইকে ভারতে পাঠানো হচ্ছে। কেন্দ্রীয় সরকারের কাছে আমার দাবি, যদি তাকে আমেরিকা থেকে সরানো হয়, তবে তাকে ফিরিয়ে আনা হোক এবং রাজ্য সরকারের কাছেও আবেদন, তাকে মুম্বাইয়ে এনে জিজ্ঞাসাবাদ ও গ্রেপ্তার নিশ্চিত করা হোক।”







