বিনোদন

“গালি দিয়ে নয়, শিল্প দিয়ে হাসাও”, আজকের কমেডিয়ানদের খোঁচা দিয়ে দৃপ্ত বার্তা জনি লিভারের

বলিউডের ‘কমেডি কিং’ জনি লিভার আবারও দেখিয়ে দিলেন কেন তিনি শুধু একজন অভিনেতা নন, বরং কমেডি জগতে একটি প্রতিষ্ঠান। সম্প্রতি এক শো-তে হাজির হয়ে, আজকের প্রজন্মের স্ট্যান্ড-আপ কমেডিয়ানদের উদ্দেশে তীব্র সমালোচনা করেন তিনি। জনি বলেন, “হলিউড ছবির প্রভাবেই এখনকার অনেকেই খোলামেলা গালি দেয়, কুরুচিকর মজায় ভরিয়ে তোলে চিত্রনাট্য। ইংরেজি ছবি দেখে দেখে তাঁদের অভ্যেস হয়ে গেছে। তারা ভাবে, ‘চলবে, কী এমন ব্যাপার!’ সেই থেকেই ডাবল মিনিং জোকস ছড়িয়ে পড়েছে।”

তিনি আরও যোগ করেন,”আজকালকার স্ট্যান্ড-আপদের কনটেন্টে কুরুচিকর ইঙ্গিত না থাকলে চলে না। কিন্তু আমাদের সময় শেখানো হত ওই রাস্তায় যেও না। আজ যদি আমরাও কুরুচিকর ইঙ্গিতপূর্ণ জোকস বলা শুরু করি, তাহলে ওরা দাঁড়াতে পারবে না সামনে। কিন্তু করিনি, করবও না। কারণ আমার একটা ফ্যামিলি-অডিয়েন্স আছে, আমার দায়িত্ব আছে।” জনির বক্তব্যে স্পষ্ট, আজকের কৌতুকশিল্পীদের মধ্যে অনেকেই প্রতিভাবান হলেও, রসবোধের জায়গায় তারা যেন শর্টকাট নিতে বেশি আগ্রহী। জনি লিভার এমন একজন অভিনেতা যিনি ‘বাজিগর’, ‘রাজা হিন্দুস্তানি’, ‘দুলহে রাজা’, ‘বাদশা’, ‘গোলমাল ৩’-এর মতো একের পর এক ছবিতে নিখুঁত টাইমিং আর স্বচ্ছ রসিকতায় দর্শকদের মুগ্ধ করেছেন। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘হাউসফুল ৫’-এও তাঁর হাস্যরস উপভোগ করেছেন দর্শকরা। ৩০০ কোটিরও বেশি আয়ের সেই ছবি জনির জনপ্রিয়তাকেই নতুন করে প্রমাণ করেছে।

এবার তিনি ফিরছেন ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ ছবিতে, যেখানে রয়েছেন অক্ষয় কুমার, সুনীল শেট্টি, সঞ্জয় দত্ত, আরশাদ ওয়ারসি, রাভিনা ট্যান্ডন, লারা দত্ত, জ্যাকলিন ফার্নান্ডেজ ও দিশা পাটানির মতো বলিউড তারকারা। আহমেদ খানের পরিচালিত ছবিটি মুক্তি পাবে চলতি বছরের ডিসেম্বরে। আজও জনি লিভার নিজেকে কেবল একজন কমেডিয়ান নন, একজন দায়বদ্ধ শিল্পী হিসেবে তুলে ধরেন, যিনি জানেন হাসি মানেই হালকা রস নয়, বরং তা হতে পারে গভীর অনুভবের শক্তিশালী মাধ্যম।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.