দিল্লির এক প্রভাবশালী শিল্পপতি পরিবারের বিয়ের অনুষ্ঠানে গিয়ে ফের আলোচনার কেন্দ্রবিন্দুতে শাহরুখ খান। বলিউডের ‘বাদশা’কে বড় মাপের বিবাহ-অনুষ্ঠানে দেখা নতুন নয়। সাধারণত অতিথিদের অভিবাদন জানানো থেকে নবদম্পতি ও পরিবারের সদস্যদের সঙ্গে নাচ—সবেতেই তিনি অংশ নেন। কিন্তু সাম্প্রতিক এই অনুষ্ঠানে এমন এক পরিস্থিতির মুখোমুখি হন, যেখানে খানিকটা অপ্রস্তুত বোধ করেন ‘কিং খান’।
মঞ্চে দাঁড়িয়ে ছিলেন নববধূ। পাশে শাহরুখ। হঠাৎই কনে তাঁকে নিজের অভিনীত এক বিজ্ঞাপনের সংলাপ বলতে অনুরোধ করেন। সংলাপটি একটি তামাকজাত দ্রব্যের প্রচারমূলক ট্যাগলাইন—যে বিজ্ঞাপনের কারণে শাহরুখ, অজয় দেবগন ও টাইগার শ্রফকে আগে নানাভাবে সমালোচনার মুখে পড়তে হয়েছিল। এমনকি আইনি জটিলতাতেও জড়াতে হয়েছিল তাঁদের। সবচেয়ে বড় বিষয়, এই বিয়েটি সেই তামাক ব্র্যান্ডের মালিকের পরিবারেরই।
কনের বারংবার অনুরোধে আপাতত বিব্রত হয়ে পড়েছিলেন শাহরুখ। তবে পরিস্থিতি সামাল দেন তাঁর স্বভাবসিদ্ধ রসবোধে। মুচকি হেসে অভিনেতা বলে ওঠেন,
“ব্যবসায়ীদের সঙ্গে একবার কাজ করলে ওরা আর পিছু ছাড়ে না!”
পরক্ষণেই কনেকে উদ্দেশ করে তাঁর ঠাট্টা,
“সংলাপ বললেও কিন্তু পয়সা নিই। যাও, বাবাকে বলো!”
সম্পূর্ণ ঘটনাই হাস্যরসের মধ্যেই পার হয়। কিন্তু সামাজিক মাধ্যমে শুরু হয়েছে নতুন বিতর্ক। একাংশ শাহরুখের উপস্থিত বুদ্ধি ও কটাক্ষপূর্ণ মন্তব্যের প্রশংসা করেছেন। অন্যদিকে অনেকে মনে করছেন, এই ধরনের বিতর্কিত ব্র্যান্ড-সম্পর্কিত পরিবারের অনুষ্ঠানে তারকাকে না যাওয়াই ভালো।
শাহরুখ যদিও পুরো ঘটনাকে সহজেই সামলে নেন, তবে নেটপাড়ায় ‘বাদশা’র এই বিয়ের উপস্থিতি নিয়ে আলোচনা এখনো তুঙ্গে।







