বিশ্বকাপ চলাকালীনই নতুন বিতর্কে জড়াল আর্জেন্টিনা। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (AFA)-এর বিরুদ্ধে অর্থপাচারের অভিযোগে তদন্ত শুরু করেছে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই। অভিযোগ উঠেছে, যুক্তরাষ্ট্রে আর্থিক লেনদেনের ক্ষেত্রে একাধিক অনিয়ম করেছে আর্জেন্টিনার ফুটবল সংস্থা।
আর্জেন্টিনার সংবাদমাধ্যম লা নাসিওন-এর প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, সভাপতি ক্লদিও তাপিয়ার নেতৃত্বে আফা কীভাবে আর্থিক ব্যবস্থাকে ব্যবহার করে কয়েকশো মিলিয়ন মার্কিন ডলারের লেনদেন করেছে, তা খতিয়ে দেখছে এফবিআই। পাশাপাশি, এই সমস্ত লেনদেনে কোনও ধরনের আর্থিক কারচুপি বা অনিয়ম হয়েছে কি না, তাও তদন্তের আওতায় রয়েছে।
প্রতিবেদন সূত্রে জানা গিয়েছে, ফ্লোরিডাভিত্তিক সংস্থা ট্যুরপ্রডএন্টারকেও তদন্তের আওতায় আনা হয়েছে। আর্জেন্টিনার বাইরে আফার বাণিজ্যিক ও আর্থিক লেনদেন পরিচালনার দায়িত্বে ছিল এই সংস্থা। অভিযোগ, বড় অঙ্কের অর্থ তছরুপে তাদের ভূমিকা থাকতে পারে।
আরও জানা গিয়েছে, ২০২৫ সালের শেষ দিক থেকে চলতি বছরের শুরু পর্যন্ত সংস্থার মালিক জেভিয়ার ফারোনি সিটি ব্যাংক, সিনোভাস, জেপি মর্গ্যান, পিএনসি ব্যাংক এবং ব্যাংক অফ আমেরিকাসহ মোট পাঁচটি ব্যাংকের মাধ্যমে একাধিক ডলার লেনদেন করেছেন। ব্যাংকগুলির নথি অনুযায়ী, ট্যুরপ্রডএন্টার আফার কাছ থেকে প্রায় ২৬ কোটি মার্কিন ডলার, অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ২,৫০০ কোটি টাকা পেয়েছে। এর মধ্যে প্রায় ৫ কোটি ৭০ লক্ষ মার্কিন ডলার বা প্রায় ৫৫০ কোটি টাকা বিভিন্ন সংস্থা ও সুবিধাভোগীদের মধ্যে বিতরণ করা হয়েছে। তবে সেই অর্থ কোন উদ্দেশ্যে দেওয়া হয়েছে, তা এখনও স্পষ্ট নয়।
উল্লেখ্য, ক্লদিও তাপিয়ার বিরুদ্ধে এর আগেও দুর্নীতির অভিযোগ উঠেছিল। সেই সময় তাঁর বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছিলেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট জেভিয়ার মিলেই। অতীতেও একাধিক বিতর্কে জড়িয়েছেন তাপিয়া। ফলে, একদিকে যখন লিওনেল মেসিদের বিশ্বকাপ অভিযান শিরোপার দোরগোড়ায়, অন্যদিকে অর্থপাচারের অভিযোগে দেশের ফুটবল সংস্থা নতুন করে চাপে পড়েছে।







