বিদেশ

ভিক্ষা করতে দেখে ৭ বছর পর খুঁজে পেলেন মা নিজের ছেলেকে

বাজারের কাছে দল বেঁধে ভিক্ষা করছিলেন কয়েকজন লোক। হঠাত্‍ ভিক্ষুকদের একজনকে দেখে চেনা মনে হয় এক ব্যক্তির। পাশে গিয়ে তিনি দেখতে পান চেনা মুখটি তারই বন্ধু মুস্তাকিম খালিদের। দীর্ঘ সাত বছর আগে বাড়ি থেকে বেরিয়ে যে আর ফেরেনি। মুস্তাকিমকে ভিক্ষা করতে দেখে ছবি তোলেন তার বন্ধু। এরপর সেই ছবি তিনি পাঠান মুস্তাকিমের মা শাহীন আখতারকে।

ছবি দেখে চিনতে পারার পর ছেলের দেখা পেতে ঘটনাস্থলে ছুটে যান মা।
গত মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় পাকিস্তানের রাওয়ালপিন্ডির তাহলি মোহরি চক নামক এলাকায় এই ঘটনা ঘটে। দীর্ঘ সাত বছর পর মা ও ছেলের দেখা হওয়ার ঘটনায় তারা দু’জনই আবেগাপ্লুত হয়ে পড়েন।

শাহীন আখতার জানান, ২০১৬ সালে বাড়ি থেকে বের হয়ে যান মুস্তাকিম। এরপর আর বাড়ি ফেরেননি। অনেক খুঁজেও পাননি। দীর্ঘ সাত বছর পর ছেলেকে খুঁজে পেয়ে তিনি অনেক আনন্দিত।

মুস্তাকিম একসময় পুলিশ বাহিনীতে কর্মরত ছিলেন। ২০০৬ সালে পুলিশে যোগ দেন তিনি। এর কয়েক বছর পর টাইফয়েড হয়। টাইফয়েড হওয়ার পর থেকে কিছুটা মানসিক সমস্যা দেখা দেয় তার। এ কারণে ছাড়তে হয় চাকরি। এর মধ্যে একদিন বাড়ি থেকে বেরিয়ে লাপাত্তা হন তিনি।

পুলিশে চাকরি পাওয়ার পর একই বছর বিয়ে করেন মুস্তাকিম খালিদ। এক ছেলে ও এক মেয়ে আছে তার। বাবাকে ফিরে পাওয়ার পর তারা খুবই খুশি। মুস্তাকিমের মা শাহীন আখতার বলেন, ‘আত্মীয়স্বজন ও গ্রামের মানুষ মুস্তাকিমকে দেখতে ভিড় করছেন। তাকে দেখে সবাই খুবই খুশি।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.