অফবিট

নির্ধারিত সময় পেরিয়েও পিরিয়ড? শরীর দিচ্ছে বিপদের সংকেত, অবহেলা নয়

নির্ধারিত সময়ের চেয়ে অনেক বেশি দিন ধরে পিরিয়ড চললেও বহু মহিলা বিষয়টিকে স্বাভাবিক বলেই ধরে নেন। কিন্তু চিকিৎসকদের মতে, এই অবহেলাই ডেকে আনতে পারে বড়সড় স্বাস্থ্যঝুঁকি। স্বাভাবিকভাবে পিরিয়ড ২ থেকে ৭ দিনের মধ্যে শেষ হওয়ার কথা। তার বেশি সময় ধরে রক্তপাত চললে তাকে হালকাভাবে নেওয়া একেবারেই ঠিক নয়।

চিকিৎসকরা জানাচ্ছেন, দীর্ঘদিন ধরে পিরিয়ড চলা বা অতিরিক্ত রক্তক্ষরণ হলে শরীরে আয়রনের ঘাটতি তৈরি হয়। এর ফলেই দেখা দেয় অ্যানিমিয়া। শরীরে আয়রন কমে গেলে রক্তে অক্সিজেন পরিবহণের ক্ষমতা হ্রাস পায়, দুর্বল হয়ে পড়ে জরায়ুর পেশি, বিঘ্নিত হয় হরমোনের স্বাভাবিক ভারসাম্য। অনেক ক্ষেত্রে এই আয়রনের ঘাটতিই আবার পিরিয়ড আরও দীর্ঘ হওয়ার কারণ হয়ে দাঁড়ায়—যাকে চিকিৎসকরা বলছেন ‘বিপজ্জনক চক্র’।

দীর্ঘ পিরিয়ডের পিছনে একাধিক কারণ থাকতে পারে। অতিরিক্ত মানসিক চাপ, জন্মনিয়ন্ত্রণ পিল বা কপার আইইউডি ব্যবহারের ফলে হরমোনের তারতম্য ঘটতে পারে। গর্ভাবস্থার প্রাথমিক জটিলতা, গর্ভপাত বা একটোপিক প্রেগন্যান্সির কারণেও দীর্ঘ রক্তপাত হতে দেখা যায়। এছাড়াও জরায়ুর ফাইব্রয়েড বা পলিপ, পিসিওএস, এন্ডোমেট্রিওসিস, থাইরয়েডের সমস্যা কিংবা মেনোপজের আগের সময়ের হরমোনজনিত পরিবর্তনও দায়ী হতে পারে।

চিকিৎসকদের পরামর্শ, পিরিয়ডের সময়কাল ও রক্তপাতের ধরন নিয়মিত ট্র্যাক করা অত্যন্ত জরুরি। অস্বাভাবিকতা দেখা দিলেই দেরি না করে চিকিৎসকের শরণাপন্ন হওয়া প্রয়োজন। প্রয়োজন হলে রক্ত পরীক্ষা করে হিমোগ্লোবিন ও সিরাম ফেরিটিনের মাত্রা যাচাই করা হয়। সময়মতো চিকিৎসা শুরু হলে আয়রনের ঘাটতি, অতিরিক্ত দুর্বলতা বা ভবিষ্যতের জটিলতা এড়ানো সম্ভব।

বিশেষজ্ঞরা সতর্ক করছেন, ঘণ্টায় ঘণ্টায় প্যাড ভিজে যাওয়া, বড় আকারের রক্তের জমাট বা গর্ভাবস্থায় অতিরিক্ত রক্তক্ষরণ—এই লক্ষণগুলি দেখা দিলে তৎক্ষণাৎ হাসপাতালে যাওয়া জরুরি। অবহেলা নয়, সচেতন হলেই বড় বিপদ এড়ানো সম্ভব।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.