মাঠের ভেতরে হোক বা বাইরে, সৌরভ গঙ্গোপাধ্যায় বরাবরই তাঁর ঠান্ডা মাথার জন্য পরিচিত। কিন্তু এবার বোধহয় ধৈর্যের বাঁধ ভেঙেছে বাঙালির প্রিয় ‘দাদা’-র। নিজের সম্মান রক্ষায় এবার সরাসরি আইনি লড়াইয়ের ময়দানে নামলেন তিনি। লিয়োনেল মেসির কলকাতা সফরকে কেন্দ্র করে তাঁর বিরুদ্ধে অত্যন্ত কুরুচিকর ও মানহানিকর মন্তব্য করার অভিযোগে কলকাতার আর্জেন্টিনা ফ্যান ক্লাবের সভাপতি উত্তম সাহার বিরুদ্ধে ৫০ কোটি টাকার মামলা দায়ের করেছেন প্রাক্তন বিসিসিআই সভাপতি।
ঘটনার মূলে রয়েছে সল্টলেক যুবভারতী ক্রীড়াঙ্গনে শতদ্রু দত্তর উদ্যোগে আয়োজিত লিয়োনেল মেসির সেই মেগা ইভেন্ট। সম্প্রতি এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে উত্তম সাহা দাবি করেন, ওই অনুষ্ঠানের আয়োজক শতদ্রু দত্তর পেছনে আসলে সৌরভ গঙ্গোপাধ্যায়ের হাত রয়েছে। তবে তিনি সেখানেই থেমে থাকেননি। সৌরভকে লক্ষ্য করে ‘চিটিংবাজ’-এর মতো চরম অবমাননাকর শব্দ ব্যবহার করেন তিনি এবং শতদ্রুকে সৌরভের ‘ট্যানিয়া’ বা অনুচর বলেও কটাক্ষ করেন। এই ইন্টারভিউটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই তীব্র চাঞ্চল্য তৈরি হয়, যা শেষ পর্যন্ত সৌরভের নজরে আসে।
বিষয়টি জানামাত্রই কড়া পদক্ষেপ নিয়েছেন সৌরভ। তিনি লালবাজারের সাইবার সেলে ই-মেল করে একটি অভিযোগ দায়ের করেছেন। তাঁর দাবি
প্রকাশ্য জনসমক্ষে তাঁর বিরুদ্ধে যে ধরণের বিদ্বেষমূলক এবং মিথ্যে প্রচার করা হচ্ছে, তাতে তাঁর দীর্ঘদিনের অর্জিত সামাজিক সম্মান ধুলোয় মিশিয়ে দেওয়ার চেষ্টা চলছে।bএই ধরণের ভিত্তিহীন মন্তব্য তাঁর মানসিক শান্তি বিঘ্নিত করছে।একজন কিংবদন্তি ক্রীড়াবিদ এবং প্রশাসক হিসেবে বিশ্বজুড়ে তাঁর যে সুনাম রয়েছে, তা নষ্ট করার উদ্দেশ্যেই পরিকল্পিতভাবে এই আক্রমণ চালানো হয়েছে।
পুলিশের দ্বারস্থ হওয়ার পাশাপাশি তিনি আইনি নোটিশ পাঠিয়ে ৫০ কোটি টাকার মানহানির মামলাও করেছেন। বেশ কিছু দিন ধরেই বিভিন্ন মহলে কান পাতলে শোনা যাচ্ছিল যে, শতদ্রু দত্তর সঙ্গে সৌরভের সম্পর্ক বেশ ঘনিষ্ঠ। এমনকি মেসির অনুষ্ঠানের দিন যখন ফুটবল জাদুকর মাঠ ছাড়ছিলেন, তখন সৌরভ তাঁকে আরও কিছুক্ষণ থাকার অনুরোধ করেছিলেন বলেও খবর রটেছিল। তবে সেই প্রশাসনিক বা সৌজন্যমূলক সম্পর্ককে ব্যক্তিগত পর্যায়ে নিয়ে গিয়ে কুরুচিকর আক্রমণ করায় এবার আর চুপ থাকেননি মহারাজ। কলকাতার ফুটবল ও ক্রিকেট মহলে এখন এই আইনি লড়াই নিয়েই জোর চর্চা চলছে। সৌরভের এই কড়া অবস্থান বুঝিয়ে দিল, আত্মসম্মানের প্রশ্নে তিনি বিন্দুমাত্র আপস করতে রাজি নন।







