মুর্শিদাবাদ জেলা সংলগ্ন ঝাড়খণ্ডের পাকুড় এলাকায় পাখিদের মধ্যে ‘এভিয়ান ইনফ্লুয়েঞ্জা’র (বার্ড ফ্লু) খবর সুনিশ্চিত হতেই বিশেষ সতর্কতা নেওয়া হলো মুর্শিদাবাদ জেলা জুড়ে । রাজ্য প্রশাসনের নির্দেশে পাকুড় থেকে ১০ কিলোমিটারের মধ্যে থাকা মুর্শিদাবাদ জেলার সুতি-১, সুতি-২ , সামশেরগঞ্জ এবং ফারাক্কা ব্লকের বেশ কয়েকটি জায়গায় বিশেষ নজরদারি শুরু হয়েছে। ইতিমধ্যে জেলাশাসক ও রাজর্ষি মিত্রের তরফ থেকে ঝাড়খন্ড থেকে মুর্শিদাবাদ জেলায় মুরগি পরিবহনের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে মুর্শিদাবাদ জেলা প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে ,জেলার বিভিন্ন ব্লকের একাধিক পোল্ট্রি থেকে পাখিদের নমুনা সংগ্রহ করা হলেও এখনও পর্যন্ত কোথাও বার্ড ফ্লু ধরা পড়েনি। সাধারণ মানুষকে অযথা আতঙ্কিত না হতে প্রশাসনের তরফ থেকে অনুরোধ করা হয়েছে।
তবে প্রশাসন অনুরোধ করলেও পার্শ্ববর্তী রাজ্যে বার্ড ফ্লু-র খবর সুনিশ্চিত হওয়ার পর থেকে মুর্শিদাবাদ জেলা জুড়ে দেশি এবং পোল্ট্রি মুরগির দাম অস্বাভাবিক হারে কমতে শুরু করেছে। ফরাক্কা ব্যারেজ প্রকল্প এলাকার মুরগি ব্যবসায়ী দীপঙ্কর মন্ডল জানান,’ পাকুড় এলাকায় বার্ড ফ্লু-র খবর প্রকাশ্যে আসার পর থেকে গত কয়েকদিন ধরে গোটা মুরগির দাম বাজারে কমতে শুরু করেছে। ফরাক্কা বাজারে গত পরশু গোটা মুরগি ১০০ টাকা কেজি হিসেবে বিক্রি হয়েছে। আজ আরও দশ টাকা দাম কমেছে।’
ফরাক্কার বিএমওএইচ মশিউর রহমান বলেন,’ এই ব্লকের অন্তর্গত মহাদেবনগর এবং মামরেজপুর এলাকায় বহু বাড়ি এবং কিছু পোল্ট্রি ফার্ম থেকে অস্বাভাবিক সংখ্যায় মুরগি মৃত্যুর খবর আমরা পেয়েছি। ইতিমধ্যেই জেলায় বার্ড ফ্লু সংক্রান্ত একটি সতর্কতাও জারি করা হয়েছে।’তিনি জানান,’ আমরা খবর পেয়েছি বহু জায়গায় মরা মুরগি কম দামে বিক্রি করা হচ্ছে। সাধারণ মানুষকে আমরা সতর্ক থাকার জন্য অনুরোধ করছি এবং কম দামে মরা মুরগি পেলে তা খেতে বারণ করছি। ‘
ফরাক্কার বিডিও জুনায়েদ আহমেদ বলেন,’ জেলাশাসকের নির্দেশ পাওয়ার পর ফরাক্কা ব্লকের বিভিন্ন এলাকায় ইতিমধ্যে সাধারণ মানুষকে সচেতন করা হয়েছে। এর পাশাপাশি কোনও জায়গায় অস্বাভাবিক সংখ্যায় মুরগি মারা যাচ্ছে কিনা তা চিহ্নিত করার জন্য প্রাণিসম্পদ দপ্তরের কর্মীরা ‘সার্ভেলেন্স’ শুরু করেছেন।’







