নির্বাচনের মুখে চাঞ্চল্যকর ও বিতর্কিত মন্তব্য করে রাজনৈতিক ঝড় তুললেন এক বিজেপি নেতা। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে সুবিধাপ্রাপ্ত মহিলাদের ভোটাধিকার নিয়েই প্রশ্ন তুলে কার্যত তাঁদের ঘরে বন্দি করে রাখার নিদান দিলেন তিনি। এই মন্তব্য ঘিরে তীব্র সমালোচনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।
ঘটনাটি ঘিরে জানা গেছে, বিজেপি নেতা কালীপদ সেনগুপ্ত প্রকাশ্যে বলেন, লক্ষ্মীর ভান্ডার পাওয়ার পর অনেক মহিলা তৃণমূল কংগ্রেসকে ভোট দিতে যাচ্ছেন। সেই প্রসঙ্গেই তিনি পুরুষদের উদ্দেশে বলেন, যেসব পরিবারে মহিলারা তৃণমূলে ভোট দিতে চান, সেই পরিবারের স্বামীদের উচিত তাঁদের স্ত্রীদের ঘরে বন্দি করে রাখা। তাঁর কথায়, “লক্ষ্মীর ভান্ডার পাওয়া মহিলারা বিজেপিকেই ভোট দেবেন। তবে যাঁরা এখনও তৃণমূলে ভোট দিতে চান, সেই সব পরিবারের স্বামীদের বলছি—ওই মায়েদের ঘরে বন্দি করে রাখুন। ভোট দিতে হবে পদ্মফুলে, জোড়াফুলে নয়।”
এই মন্তব্য সামনে আসতেই এলাকায় তীব্র ক্ষোভ ও বিতর্ক ছড়িয়েছে। বিরোধীদের অভিযোগ, বিজেপি নেতার এই বক্তব্য শুধু নারীবিরোধী নয়, গণতন্ত্র ও ভোটাধিকারকে সরাসরি আঘাত করার শামিল। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ভোটের আগে এ ধরনের মন্তব্য বিজেপির অস্বস্তি বাড়াতে পারে।
এদিকে তৃণমূল কংগ্রেস এই মন্তব্যকে ‘লজ্জাজনক’ ও ‘নারীদের স্বাধীনতার উপর আক্রমণ’ বলে আখ্যা দিয়েছে। প্রশ্ন উঠছে—গণতন্ত্রের দেশে ভোটাধিকার নিয়ে এমন মন্তব্য কি আদৌ গ্রহণযোগ্য? বিতর্ক ক্রমেই রাজনৈতিক ময়দান ছাড়িয়ে সামাজিক স্তরেও ছড়িয়ে পড়ছে।







