শুনানিতে হাজিরা দিতে এসে কার্যত মৃত্যুমুখে ৭২ বছরের এক অসুস্থ বৃদ্ধ। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল তারকেশ্বরের বিডিও অফিস চত্বরে। নির্বাচন কমিশনের একাধিক নির্দেশিকা থাকা সত্ত্বেও কেন অসুস্থ ও বয়স্ক মানুষদের এইভাবে হয়রানির শিকার হতে হচ্ছে, সেই প্রশ্নে উত্তাল রাজনৈতিক ও প্রশাসনিক মহল।
তারকেশ্বর পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ভরত চন্দ্র সামন্ত ও তাঁর স্ত্রী চিত্রলেখা সামন্তর কাছে হাজিরার নোটিশ আসে। নির্ধারিত দিনেই টোটো ভাড়া করে বিডিও অফিসে পৌঁছন এই বৃদ্ধ দম্পতি। কিন্তু অফিসের সামনে টোটো থেকে নামতে গিয়েই ভারসাম্য হারিয়ে পড়ে যান ভরত চন্দ্র সামন্ত। প্রত্যক্ষদর্শীদের দাবি, পড়ার সঙ্গে সঙ্গেই তাঁর মাথা ফেটে যায়।
মুহূর্তের মধ্যে রক্তে ভেসে যায় রাস্তা। শুনানি কেন্দ্রে আসা অন্যান্য মানুষের মধ্যে শুরু হয় তীব্র আতঙ্ক ও চাপানউতোর। সেখানেই উপস্থিত কয়েকজন তাঁকে উদ্ধার করে নিকটবর্তী এক চিকিৎসকের কাছে নিয়ে যান। পরে পুলিশ ও বিডিও অফিসের সহযোগিতায় তাঁকে তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়।
ঘটনার জেরে তীব্র ক্ষোভ ছড়ায় এলাকায়। নির্বাচন কমিশনের পক্ষ থেকে অসুস্থ ও প্রবীণদের জন্য বাড়িতে গিয়ে শুনানি নেওয়ার স্পষ্ট নির্দেশিকা থাকা সত্ত্বেও কেন এই ঘটনা ঘটল, তা নিয়েই উঠছে প্রশ্ন। এই ঘটনার প্রতিবাদে বিডিও অফিসের সামনে বিক্ষোভ দেখায় তৃণমূল কংগ্রেস।
সংবাদমাধ্যমের প্রতিনিধিরা পৌঁছতেই তৎপর হয় প্রশাসন। শুরু হয় মাইকিং। সেখান থেকে জানানো হয়, যাঁরা অসুস্থ, তাঁদের বাড়িতে গিয়ে শুনানি করা হবে—তবে তার জন্য আগে থেকে জানাতে হবে।
এদিকে বিডিও সীমা চন্দ্রের দাবি, কমিশনের নির্দেশ মেনেই শুনানি হচ্ছে। তাঁর বক্তব্য, “বিএলও-দের দেওয়া তথ্য অনুযায়ী অসুস্থদের বাড়িতে গিয়ে শুনানি করা হচ্ছে। ৮৫ বছরের কম বয়স হলেও কেউ অসুস্থ হলে খবর দিলেই বাড়িতে গিয়ে শুনানি নেওয়া হচ্ছে। ওই বৃদ্ধ এখানে এসে অসুস্থ হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে প্রাথমিক চিকিৎসা ও হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। অফিসের গাড়িতেই পাঠানো হয়েছে, স্থানীয় কাউন্সিলরও হাসপাতালে গিয়েছেন।”
তবে প্রশ্ন থেকেই যাচ্ছে—নোটিশ পাওয়ার পরেও কেন আগে থেকেই এই অসুস্থ দম্পতির জন্য বাড়িতে শুনানির ব্যবস্থা করা হল না? প্রশাসনের গাফিলতির মূল্য কি এভাবেই রক্ত দিয়ে চোকাতে হবে প্রবীণদের?
তারকেশ্বরের এই ছবি শুধু একটি দুর্ঘটনা নয়, বরং প্রশাসনিক অসংবেদনশীলতার প্রতিচ্ছবি বলেই মনে করছেন অনেকেই।







