শেয়ার ট্রেডিংয়ের নামে বড়সড় সাইবার প্রতারণার ঘটনা সামনে এল বিধাননগরে। কৈখালি ঘোষপাড়ার বাসিন্দা ডঃ গৌতম কুমার ঘোষাল অভিযোগ দায়ের করে জানান, তিনি “ORL BMLLC” নামে একটি অনলাইন প্ল্যাটফর্মে বিনিয়োগ করে মোট ৮৩ লক্ষ ৫০ হাজার টাকার সাইবার জালিয়াতির শিকার হয়েছেন।
অভিযোগ অনুযায়ী, অনলাইন প্ল্যাটফর্মটি শেয়ার ট্রেডিংয়ে উচ্চ লাভের প্রতিশ্রুতি দিয়ে ধাপে ধাপে বিভিন্ন অ্যাকাউন্টে টাকা বিনিয়োগ করতে বলে। প্রাথমিকভাবে কিছু লাভ দেখানো হলেও পরবর্তী সময়ে টাকা তুলতে গেলে সমস্যার মুখে পড়েন অভিযোগকারী। এরপরই তিনি বুঝতে পারেন প্রতারণার শিকার হয়েছেন এবং এয়ারপোর্ট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
এই অভিযোগের ভিত্তিতে এয়ারপোর্ট থানায় মামলা নম্বর ২৪৯/২৫ রুজু করা হয়। মামলা দায়েরের পরই তদন্তে নেমে দ্রুত একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও লেনদেনের সূত্র চিহ্নিত করে পুলিশ। সাইবার বিশেষজ্ঞদের সহায়তায় তদন্ত চালিয়ে প্রতারিত অর্থের একটি বড় অংশ ট্র্যাক করতে সক্ষম হন তদন্তকারীরা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, দ্রুত পদক্ষেপের ফলে মোট ৫১ লক্ষ ৯৬ হাজার টাকা উদ্ধার করা সম্ভব হয়েছে। সমস্ত প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর উদ্ধার হওয়া অর্থ অভিযোগকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ফেরত দেওয়া হয়েছে।
এই ঘটনায় বিধাননগর পুলিশের সাফল্যে স্বস্তি প্রকাশ করেছেন অভিযোগকারী। একই সঙ্গে পুলিশ সাধারণ মানুষকে অনলাইন বিনিয়োগের ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। অচেনা বা অননুমোদিত অনলাইন প্ল্যাটফর্মে বিনিয়োগ করার আগে ভালোভাবে যাচাই করার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি, সাইবার প্রতারণার শিকার হলে দেরি না করে দ্রুত নিকটবর্তী থানায় বা সাইবার সেলে অভিযোগ জানানোর অনুরোধ করেছে পুলিশ।







