কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মাণ্ডব্যর উপস্থিতিতে ১৪ ফেব্রুয়ারি থেকে আইএসএল শুরুর সবুজ সংকেত মিলেছিল ঠিকই, কিন্তু মাঠের প্রস্তুতির চেয়ে আপাতত কাগজকলম আর চিঠিপত্র চালাচালি নিয়েই বেশি ব্যস্ত সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (AIFF)। ক্রীড়ামন্ত্রীর ঘোষণার পর যেখানে কাজ দ্রুত গতিতে এগনোর কথা ছিল, সেখানে ফেডারেশনের ধীরগতি দেখে বিরক্ত ক্লাবগুলো। লিগ শুরুর এক মাসও বাকি নেই, অথচ এখনো চূড়ান্ত সূচি বা গভর্নিং কমিটির কোনো পাত্তাই নেই।
এই ডামাডোলের মাঝেই শনিবার বিকেলে ফেডারেশনের ডেপুটি সেক্রেটারি জেনারেল সত্যনারায়ণ প্রতিটি ক্লাবকে একটি চিঠি পাঠিয়েছেন। সেখানে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে আগামী সোমবার দুপুর ১২টার মধ্যে সব ক্লাবকে জানাতে হবে তাদের ‘হোম গ্রাউন্ড’ বা ঘরের মাঠ কোনটি। ফেডারেশন মনে করছে, ক্লাবগুলোর কাছ থেকে লিখিত এবং সুনির্দিষ্ট তথ্য না পাওয়ার কারণেই পুরো প্রক্রিয়াটি ঝুলে আছে। ফেডারেশনের পাঠানো ওই চিঠিতে ২০২৫-২৬ মরসুমের বাজেটের খসড়াও তুলে ধরা হয়েছে। এবারের আইএসএল আয়োজনে মোট খরচ ধরা হয়েছে প্রায় ২৪ কোটি ২৬ লক্ষ টাকা। এর মধ্যে ফেডারেশন নিজে দেবে ৯ কোটি ৭৭ লক্ষ টাকার মতো। বাকি খরচের বোঝা সামলাতে প্রতিটি ক্লাবকে ১ কোটি টাকা করে দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। তবে ওড়িশা এফসি সহ বেশ কয়েকটি ক্লাব এই বাড়তি আর্থিক চাপ নিয়ে এখনো দোলাচলে। ওড়িশা তো সোমবার বিকেল পর্যন্ত সময় চেয়ে ফেডারেশনকে চিঠিই লিখে দিয়েছে যে, তারা আদৌ এত টাকা খরচ করে লিগ খেলতে পারবে কি না।
সোমবারের ডেডলাইন পার হওয়ার পর ফেডারেশন বুঝতে পারবে শেষ পর্যন্ত কতগুলো দল নিয়ে এবারের লিগ শুরু করা সম্ভব। এরপরই মূলত গভর্নিং কমিটি গঠন, সম্প্রচারকারী সংস্থা নিয়োগ এবং ম্যাচ সংখ্যা জানিয়ে এএফসি-র (AFC) কাছে স্লট পাওয়ার জন্য আবেদন করা হবে। সবকিছুর মাঝে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গন। সম্প্রতি লিওনেল মেসির সফরকে কেন্দ্র করে স্টেডিয়াম চত্বরে যে নজিরবিহীন বিশৃঙ্খলা তৈরি হয়েছিল, তাতে মাঠ ও গ্যালারির যথেষ্ট ক্ষতি হয়েছে। বর্তমানে সেখানে সংস্কারের কাজ চলছে। লিগ শুরুর আগে যুবভারতী আদেও ম্যাচ আয়োজনের উপযুক্ত হয়ে উঠবে কি না, তা নিয়ে ফুটবল মহলে প্রবল সংশয় রয়েছে।







