হালিশহরের ঘটনার রেশ কাটতে না কাটতেই মঙ্গলবার কলকাতার শ্যামবাজারে ফের উত্তেজনা ছড়াল। নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানানোর পর সেখান থেকে ফেরার পথে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে ‘চোর’ স্লোগান দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগের আঙুল বিজেপির কর্মী-সমর্থকদের দিকে।
বিক্ষোভকারীদের মুখে শোনা যায়, ‘‘যার হাতে কালি লেগেছে, সে নেতাজির গলায় মালা দেবে না’’—এই ধরনের স্লোগান। ঘটনাকে ঘিরে শ্যামবাজার পাঁচ মাথার মোড় এলাকায় উত্তেজনা তৈরি হয়। পরিস্থিতি সামাল দিতে এলাকায় রাজনৈতিক অস্থিরতাও দেখা দেয়।
নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে বিজেপির বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য ও অসম্মানের অভিযোগ তুলে মঙ্গলবার শ্যামবাজারে প্রতিবাদ কর্মসূচির আয়োজন করেছিল কালীঘাট তৃণমূল। সেই কর্মসূচিতে নিজেই উপস্থিত ছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মঞ্চে তাঁর সঙ্গে ছিলেন দলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, দোলা সেন-সহ একাধিক শীর্ষ নেতা-নেত্রী। সভা চলাকালীন বিপ্লবী ক্ষুদিরাম বসুর ছবি হাতে নিয়ে তাঁকে শ্রদ্ধা জানান মমতা।
এরই মধ্যে তৃণমূলের কর্মসূচির কাছাকাছি আচমকাই একদল মানুষ জড়ো হন। অভিযোগ, কিছুক্ষণের মধ্যেই তাঁরা মমতা বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে ‘চোর চোর’ স্লোগান দিতে শুরু করেন। তা নিয়ে সভাস্থলে হইচই শুরু হয়। তৃণমূলের অভিযোগ, বিজেপির মদতেই একদল মানুষ পরিকল্পিতভাবে এই বিক্ষোভ দেখিয়েছে। দলীয় কর্মসূচি ভেস্তে দেওয়া এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে অপমান করাই এর উদ্দেশ্য ছিল বলে দাবি তৃণমূলের।
এই ঘটনার আগে রবিবারও হালিশহরে বিক্ষোভের মুখে পড়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। থানা হেফাজতে মৃত্যু হওয়া এক তৃণমূল কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে সেখানে গিয়েছিলেন তিনি। অভিযোগ, মমতার কনভয় এলাকায় পৌঁছতেই স্থানীয়দের একাংশ ‘চোর’ স্লোগান দিতে শুরু করেন। এমনকি কনভয় ঘিরে ধরে গাড়ি লক্ষ্য করে কাদা ও জুতো ছোড়ার অভিযোগও ওঠে। গাড়ির কাচে কাদা লেপে দেওয়ারও অভিযোগ রয়েছে।
হালিশহরের ওই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছিলেন মমতা নিজেও। তাঁর বক্তব্য ছিল, এই ধরনের হামলায় বড় বিপদ ঘটতে পারত। পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তাঁর অভিযোগ, পুলিশের সামনেই এমন ঘটনা ঘটলেও তারা নিষ্ক্রিয় ছিল এবং বিজেপিকে সুরক্ষা দেওয়া হচ্ছিল। হালিশহরের পর এবার শ্যামবাজারে একই ধরনের স্লোগান ঘিরে নতুন করে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে।







