দীর্ঘ ৩৭ দিন জেল খাটার পর অবশেষে মুক্তি পাচ্ছেন লিওনেল মেসিকে কলকাতায় আনার মূল কারিগর শতদ্রু দত্ত। যুবভারতী ক্রীড়াঙ্গনে গত ডিসেম্বরে আয়োজিত সেই মেগা ইভেন্টকে কেন্দ্র করে যে নজিরবিহীন বিশৃঙ্খলা ও অশান্তি ছড়িয়েছিল, তারই জেরে শ্রীঘরে যেতে হয়েছিল এই ক্রীড়া সংগঠককে। এর আগে দু-দুবার আদালতে তাঁর জামিনের আবেদন নাকচ হয়ে গেলেও, তৃতীয়বারের চেষ্টায় সোমবার স্বস্তি পেলেন তিনি।
ঘটনার সূত্রপাত গত ১৩ ডিসেম্বর। বিশ্বজয়ী আর্জেন্টাইন তারকা মেসিকে চোখের সামনে দেখতে সেদিন সল্টলেক স্টেডিয়ামে ভিড় জমিয়েছিলেন হাজার হাজার ফুটবল প্রেমী। কিন্তু অব্যবস্থা আর বিশৃঙ্খলার জেরে মুহূর্তের মধ্যে রণক্ষেত্রের চেহারা নেয় গ্যালারি থেকে স্টেডিয়াম চত্বর। সেই রাতেই কলকাতা বিমানবন্দর থেকে শতদ্রুকে গ্রেফতার করে বিধাননগর পুলিশ। পুলিশের অভিযোগ ছিল, অনুষ্ঠানের মূল আয়োজক হিসেবে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করতে ব্যর্থ হয়েছিলেন তিনি। তাঁর বিরুদ্ধে অশান্তি পাকানো, সরকারি সম্পত্তি ভাঙচুর এবং জননিরাপত্তা বিঘ্নিত করার মতো একাধিক গুরুতর ধারায় মামলা রুজু করে বিধাননগর দক্ষিণ থানা।
তদন্তে নেমে শতদ্রু দত্তের রিষড়ার বাড়িতেও তল্লাশি চালিয়েছিলেন সিটের গোয়েন্দারা। তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টের লেনদেন খতিয়ে দেখার পর প্রায় ২২ কোটি টাকা বাজেয়াপ্ত করা হয়। তদন্তকারীদের দাবি ছিল, অনুষ্ঠানের আর্থিক লেনদেনেও বেশ কিছু অসঙ্গতি রয়েছে। প্রথম দফায় ১৪ দিনের পুলিশি হেফাজত এবং পরে দীর্ঘ জেল হেফাজতের পর অবশেষে আদালত তাঁকে জামিনে মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছে।
শতদ্রু দত্তর এই জামিন ফুটবল মহলে বেশ চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে। মেসিকে কলকাতায় এনে ইতিহাস গড়তে চেয়েও শেষ পর্যন্ত আইনি গেরোয় ফেঁসে যাওয়ায় অনেক ফুটবল ভক্তই হতাশ হয়েছিলেন। আপাতত জামিন পেলেও এই মামলার তদন্ত প্রক্রিয়া জারি থাকবে বলেই জানা গিয়েছে।







