কলকাতা হাইকোর্টের তরফে রক্ষাকবচ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় শুভেন্দু অধিকারীর গাড়িতে যে হামলা হয়েছিল , সেই ঘটনায় পাল্টা বিরোধী দলনেতার বিরুদ্ধেও দায়ের হয়েছিল অভিযোগ। এবং ওই মামলাতেই সুরক্ষা চেয়ে হাইকোর্টে আবেদন জানান বিরোধী দলনেতা। বুধবার তাতেই সায় দিল হাইকোর্ট । হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ বিরোধী দলনেতাকে অন্তর্বর্তী রক্ষাকবচ দিলেন এদিন। বিচারপতির নির্দেশ অনুযায়ী তার বিরুদ্ধে ২৯ জানুয়ারি পর্যন্ত কোনও পদক্ষেপ নেওয়া যাবে না। পাশাপাশি এদিন হাইকোর্টের তরফে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় শুভেন্দুর কনভয়ে যে হামলা হয়েছিল , সেই ঘটনায় CAPF এবং রাজ্যের কাছে রিপোর্ট তলবও করা হয়েছে ।
প্রসঙ্গত , গত ১০ জানুয়ারি পুরুলিয়ায় কর্মসূচি সেরে রাতে যখন শুভেন্দু অধিকারী ফিরছিলেন , তখন চন্দ্রকোনায় ফেরার তার গাড়িতে হামলা চালানো হয় বলে অভিযোগ ওঠে। সেদিন শুভেন্দু অধিকারীর ফেরার পথে রাস্তার একধারে ছিলেন বিজেপি কর্মী ও সমর্থকরা এবং রাস্তার উল্টোদিকে বেশ কয়েকজন মানুষ দাঁড়িয়েছিলেন তৃণমূলের পতাকা হাতে। নিজের গাড়িতে হামলার পর , বিরোধী দলনেতা অভিযোগ করেন, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই তার গাড়িতে হামলা করেছে। এদিন এই ঘটনার পর বিরোধী দলনেতা চন্দ্রকোনা পুলিশের বিট হাউসে পৌঁছে গিয়ে হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মেঝতে বসে অবস্থান বিক্ষোভও করেন। প্রায় ছয় ঘণ্টা পর অভিযোগ দায়ের করে থানা থেকে বেরোন তিনি।
তারপর দিনই পাল্টা থানায় অভিযোগ দায়ের হয় বিরোধী দলনেতার বিরুদ্ধে। শুভেন্দু আবার অভিযোগের পাল্টা অভিযোগ নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হন । হাইকোর্টে তার আইনজীবী সওয়ালও করেন যে, তার মক্কেল অর্থাৎ শুভেন্দু অধিকারীকে অযথা হেনস্থা করা হতে পারে এমনকি গ্রেফতারও করা হতে পারে তাঁকে। তারপরই বুধবার হাইকোর্টের তরফে অন্তর্বর্তী রক্ষাকবচ পেলেন শুভেন্দু ।







