কোচবিহার: মেখলিগঞ্জের জামালদহ এলাকায় নাবালিকা ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়াল। অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শনিবার রাতে জামালদহ পুলিশ ফাঁড়িতে জড়ো হন স্থানীয় বাসিন্দারা। বিক্ষোভ ক্রমেই হিংসাত্মক রূপ নেয়। অভিযোগ, উত্তেজিত জনতা ফাঁড়ি লক্ষ্য করে ইটবৃষ্টি করলে মেখলিগঞ্জ থানার ওসি আহত হন।
পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। এলাকায় নতুন করে অশান্তি এড়াতে জামালদহ ও সংলগ্ন এলাকায় পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে। এদিকে, ঘটনার প্রতিবাদে ও অভিযুক্তের কঠোর শাস্তির দাবিতে রবিবার জামালদহ এলাকায় ১২ ঘণ্টার বন্ধের ডাক দেওয়া হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া ওই নাবালিকা কাঠ কুড়াতে নদীর ধারে গিয়েছিল। সেখানেই অভিযুক্ত এক বৃদ্ধ তাকে নির্যাতন করে বলে অভিযোগ। ঘটনাটি বৃহস্পতিবার ঘটলেও বিষয়টি প্রকাশ্যে আসে শনিবার। নির্যাতিতার পরিবারের তরফে দায়ের করা অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত ব্যক্তি প্রতিবেশী হওয়ায় এবং হুমকির কারণে পরিবার প্রথমে থানায় যেতে সাহস পায়নি। পরে স্থানীয় বাসিন্দারাই নির্যাতিতা ও তার পরিবারকে জামালদহ পুলিশ ফাঁড়িতে নিয়ে যান এবং লিখিত অভিযোগ দায়ের হয়। এরপর অভিযুক্তকে গ্রেপ্তার করে মেখলিগঞ্জ থানায় নিয়ে যাওয়া হয়।
ঘটনার খবর ছড়াতেই শনিবার রাতে উত্তেজিত জনতা জামালদহ এলাকায় টায়ার জ্বালিয়ে রাজ্য সড়ক অবরোধ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পুলিশ লাঠিচার্জ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে। কয়েকজন বিক্ষোভকারীকে আটকও করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।
মেখলিগঞ্জ থানার এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, “অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়ের করে তদন্ত শুরু হয়েছে।”







