বেহালার পর একই ধরনের ঘটনা ঘটল রাজ্যের আরেক প্রান্তে। রাতের অন্ধকারে বিজেপির মঞ্চে আগুন লাগানো হয়। সেই পুড়ে যাওয়া মণ্ডপে ভারতমাতার পুজো হবে বলে হুঙ্কার ছাড়লেন বিজেপি নেতা কৌস্তব বাগচী। ঘটনাটি ঘটেছে খড়দহের পাতুলিয়া পঞ্চায়েতের অন্তর্গত বটতলা এলাকায়। ৭৭ তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে সেই মঞ্চে ভারতমাতার পুজো করার আয়োজন করেছিল বিজেপি। অভিযোগ , রাতের অন্ধকারে সেই মঞ্চে আগুন লাগিয়ে দেয় কয়েকজন দুষ্কৃতি। অন্যদিকে এই ঘটনার জন্য রাজ্যের শাসকদলের দিকেই নিশানা করলেন গেরুয়া শিবির।
ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বিজেপি নেতা কৌস্তব বাগচী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছালেন পুলিশ বাহিনী। এই নিয়ে তৈরি হয়েছে রাজনৈতিক তরজা । খড়দহের বিজেপি মঞ্চে আগুন লাগার ঘটনা ও বেহালার বিপ্লব দেবের মঞ্চে আগুন ধরানোর ঘটনা নিয়ে তৃণমূলকে বিঁধলেন কৌস্তব বাগচী। বিজেপি নেতা বলেন , “আমাদের যে আচার আচরণ, এই পুজোকে কেউ আটকাতে পারবেন না। পুড়ে যাওয়া প্যান্ডেলের সামনে ভারতমাতার মূর্তি রেখে পুজো হবে। আমরা পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করব। জেহাদি শক্তিরা শাসকদলের মদতে এই ধরনের ঘটনা ঘটিয়েছে।”
বিজেপির রাজ্য বুথ প্রেসিডেন্ট ভক্ত বিশ্বাসের। তাঁর অভিযোগ, “পুজোর আয়োজন হয়েছিল। খিচুরি ভোগ বিতরণের কথা ছিল। কিন্তু সবটাই এরা নষ্ট করে দিল। বর্তমান সরকারের মদত রয়েছে। হিন্দু সম্মেলনের উপর আঘাত করছে। তৃণমূলের নেতারা হিন্দু সম্মেলনের সভা করতে দিচ্ছে না।” এদিন পাতুলিয়া পঞ্চায়েতের উপপ্রধান কিশোর বৈশ্য বলেন, “এই সব ওদের নিজেদের পূর্বপরিকল্পিত। উস্কানি দিতে, নজর কাড়তে এসব করছে। সিসি ক্য়ামেরা দেখুক, তা হলেই তো স্পষ্ট হয়ে যাবে কে করেছে, কারা করেছে। আমরাও প্রস্তুত রয়েছি, আমাদের ডাকলেই জমায়েত করতে পারি, সিসি ফুটেজের দাবি জানাব। দুধ কা দুধ, পানি কা পানি হয়ে যাবে।”







