পশ্চিমবঙ্গের পরবর্তী পুলিশ মহানির্দেশক নিয়োগ ঘিরে আইনি টানাপোড়েন আরও জটিল আকার ধারণ করলো। সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল নির্ধারিত সময়সীমার বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে মামলা করল ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন। যার ফলে রাজ্যের পুলিশ প্রশাসনের শীর্ষ পদে স্থায়ী নিয়োগ নিয়ে অনিশ্চয়তা নতুন করে মাথাচাড়া দিল।
ক্যাটের অন্তর্বর্তী নির্দেশ অনুসারে, আগামী ২৯ শে জানুয়ারির মধ্যে পশ্চিমবঙ্গ সরকারের কাছে ৩জন আইপিএস অফিসারের নামের একটি প্যানেল পাঠানোর কথা ছিল ইউপিএসসি’র। তার আগে রাজ্য সরকারকে ২৩ শে জানুয়ারির মধ্যে প্রস্তাবিত অফিসারদের নাম পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছিল। তবে নির্ধারিত সময়ের আগেই কমিশন আদালতের দ্বারস্থ হওয়ায় গোটা প্রক্রিয়া থমকে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।ইউপিএসসি’র যুক্তি, ক্যাট যেভাবে দ্রুত সময়সীমা বেঁধে দিয়েছে, তা সুপ্রিম কোর্টের ‘প্রকাশ সিং বনাম কেন্দ্র’ মামলার রায়ের সঙ্গে সাংঘর্ষিক।
সেই রায় ডিজি নিয়োগের ক্ষেত্রে একটি নির্দিষ্ট পদ্ধতি ও পর্যাপ্ত সময় দেওয়ার কথা বলা হয়েছিল। কমিশনের দাবি, সেই নির্দেশিকাকে উপেক্ষা করেই ট্রাইব্যুনাল তড়িঘড়ি সময় বেঁধে দিয়েছে। সেই কারণেই ন্যায়বিচারের আশায় দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছে ইউপিএসসি।
বর্তমানে পশ্চিমবঙ্গে স্থায়ী কোনও পুলিশ মহানির্দেশক নেই। রাজ্যের ভারপ্রাপ্ত ডিজি হিসেবে দায়িত্ব পালন করছেন রাজীব কুমার, যাঁর অবসর নির্ধারিত রয়েছে ৩১ শে জানুয়ারি। প্রশাসনিক নিয়মে তাঁর অবসরের আগেই নতুন স্থায়ী ডিজি নিয়োগ সম্পন্ন হওয়া প্রয়োজন।
তবে হাতে সময় অত্যন্ত কম থাকতেই ইউপিএসসি-র এই আইনি পদক্ষেপে গোটা নিয়োগ প্রক্রিয়া রীতিমতো অনিশ্চিত হয়ে পরেছে বলে মনে করছেন প্রশাসনিক মহল। ৩১ শে জানুয়ারি দিল্লি হাইকোর্টের কি রায় দেয় সেই দিকেই নজর রেখেছে সকলে।






