বিদেশ

ফ্রান্সে তৈরি হতে চলেছে প্রথম হিন্দু মন্দির , প্রথম পাথর গেলো ভারত থেকেই

ভারত এবং ফ্রান্সের সাংস্কৃতিক মেলবন্ধনের ইতিহাসে নতুন মাইলস্টোন । বুসি-সাঁ-জর্জে প্রথম হিন্দু মন্দির তৈরির জন্য ভারত থেকে প্যারিসে পৌঁছালো প্রথম পাথর । ফ্রান্সের প্রথম হিন্দু মন্দির তৈরির কাজ শুরু হবে, এই পাথর দিয়েই । প্রাচীন শিল্পকলার নিদর্শনও থাকবে ফ্রান্সের এই মন্দিরে।

উল্লেখ্য , BAPS স্বামীনারায়ণ সংস্থা ভারত থেকে এই পাথর প্যারিসে পাঠায়। যে পাথর পাঠানো হয়েছে , তা ভারতের দক্ষ শিল্পীদের হাতে খোদাই করা শতাব্দী প্রাচীন স্থাপত্যের ঐতিহ্য বহন করে । ফরাসি শিল্পীদের পাশাপাশি নোতর-দাম ক্যাথিড্রাল পুনরুদ্ধার প্রকল্পে যে কারিগররা যুক্ত ছিলেন , তারাও এই মন্দির নির্মাণে যুক্ত থাকবেন । এই মন্দির নির্মিত হলে , উপাসনার পাশাপাশি সংস্কৃতি, শিক্ষা ও সামাজিক বিভিন্ন বিষয়ে চর্চারও সুযোগ তৈরি হবে বলেই অনুমান ।

ফ্রান্সের প্রথম হিন্দু মন্দির নির্মাণ প্রকল্পের সিইও এবং BAPS ইউকে ও ইউরোপের ট্রাস্টি সঞ্জয় কারা এবিষয়ে বলেছেন, “ভারত থেকে আসা প্রথম পাথর এক ঐতিহাসিক মাইলফলক। প্রতিটি পাথরই ঐতিহ্য বহন করছে। পারস্পরিক সম্মান ও সহযোগিতার মাধ্যমে ভারতীয় ঐতিহ্য ও ফরাসি শিল্পের মিলন ঘটছে। মহন্ত স্বামী মহারাজের আদর্শ ও দৃষ্টিভঙ্গির দ্বারা অনুপ্রাণিত হয়ে, এই প্রকল্পের অংশ হতে পেরে আমি গর্বিত। এটি এমন একটি মন্দির হয়ে উঠবে, যা শুধু উপাসনালয় নয়, বরং সংস্কৃতি, শিক্ষা ও সম্প্রীতির কেন্দ্র হিসেবে বৃহত্তর কাজ করবে।”

ফ্রান্সে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত সঞ্জীব কুমার সিংলাও বলেন, “এই মন্দির একটি অনন্য সহযোগিতার প্রতীক। পাথরগুলি ভারতে দক্ষ শিল্পীদের হাতে খোদাই করা হয়েছে। সেগুলি এখানে, ফ্রান্সে, ফরাসি পাথরশিল্পীদের দ্বারা সংযোজিত হবে—যাঁদের মধ্যে কেউ কেউ নোত্র-দাম ক্যাথেড্রালের পুনরুদ্ধার কাজেও যুক্ত ছিলেন।”

পাশাপাশি , “এই মন্দির ফ্রান্সের জন্য একেবারেই নতুন ও উদ্ভাবনী। এই ধরনের একটি মন্দির প্রথমবার ফ্রান্সে নির্মিত হতে চলেছে ”, বলে জানিয়েছেন ফরাসি বিদেশ মন্ত্রকের ধর্মবিষয়ক উপদেষ্টা রাষ্ট্রদূত জঁ-ক্রিস্তফ পসেল ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.