রাজ্য

কালো রোব পরে সুপ্রিম কোর্টে মমতা? এসআইআর মামলার শুনানির আগে মধ্যরাত থেকেই সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলল তৃণমূল

আজ সুপ্রিম কোর্টে (Supreme Court) এসআইআর (SIR) সংক্রান্ত মামলার শুনানি। তার আগেই রাজ্য রাজনীতিতে তীব্র আলোড়ন। তবে শুনানির প্রায় ১২ ঘণ্টা আগেই রাজনৈতিক বার্তা দিতে কোনও ফাঁক রাখেনি তৃণমূল কংগ্রেস (TMC)। মধ্যরাত থেকে দলের প্রায় সব সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে একটি গ্রাফিক্স ইমেজ পোস্ট করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, কালো রোব পরে সুপ্রিম কোর্টের সিঁড়ি বেয়ে উঠছেন মুখ্যমন্ত্রী। ছবির নীচে লেখা—
‘সুপ্রিম কোর্টে এসআইআর-কে চ্যালেঞ্জ করবেন মমতা বন্দ্যোপাধ্যায়’।

২০২৬ সালের বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election 2026) আগে এই পুরো ঘটনাপ্রবাহের রাজনৈতিক তাৎপর্য স্পষ্ট বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকেরা। তৃণমূলের বার্তা একেবারে পরিষ্কার—এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে বাংলার বিপুল সংখ্যক মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা চলছে। এই চক্রান্তে বিজেপির পাশাপাশি নির্বাচন কমিশনও জড়িত বলে অভিযোগ শাসক দলের। আর সেই ‘সংকটের মুহূর্তে’ বাংলার মানুষের হয়ে দিল্লিতে, দেশের সর্বোচ্চ আদালতে দাঁড়িয়ে লড়াই করছেন স্বয়ং মুখ্যমন্ত্রী—এই ইমেজটাই তুলে ধরতে চাইছে তৃণমূল।

রাজনীতিতে নাটকীয়তা নতুন নয়। সুপ্রিম কোর্টে কালো রোব পরে যাওয়ার সম্ভাব্য সিদ্ধান্তের নেপথ্যেও রয়েছে সেই নাটকীয় রাজনৈতিক অপটিক্স। যাতে বাংলার প্রত্যন্ত গ্রাম পর্যন্ত পৌঁছে যায় সেই বার্তা—বাংলার মানুষের অধিকার রক্ষায় দিদি লড়ছেন সুপ্রিম কোর্টে।

উল্লেখ্য, এসআইআর প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে ইতিমধ্যেই একটি আবেদন জমা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে প্রশ্ন উঠছে—মুখ্যমন্ত্রী নিজে কি আদালতে কালো রোব পরে সওয়াল করতে পারবেন?

আইন বিশেষজ্ঞদের মতে, সুপ্রিম কোর্টের বার কাউন্সিলের নিয়ম অনুযায়ী শুধু আইনের ডিগ্রি থাকলেই আদালতে সওয়াল করা যায় না। তার জন্য বারের সদস্যপদ প্রয়োজন। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় আইনজীবী হিসেবে বক্তব্য রাখতে পারবেন না। তবে কপিল সিব্বল ও অভিষেক মনু সিঙ্ঘভির মতো প্রবীণ আইনজীবীদের সঙ্গে তিনি যদি কালো রোব পরে আদালতের বাইরে উপস্থিত থাকেন, তাহলেও সেই দৃশ্যই জনমানসে শক্তিশালী রাজনৈতিক বার্তা তৈরি করতে যথেষ্ট।

রাজনৈতিক মহলের একাংশের দাবি, এই গোটা অপটিক্সের নেপথ্যে আইপ্যাকের (I-PAC) একটি সুপরিকল্পিত কৌশলও রয়েছে।

সূত্রের খবর, বুধবারের শুনানিতে উপস্থিত থাকার জন্য আগেই আদালতের অনুমতি চেয়েছেন মুখ্যমন্ত্রী। এখন নজর থাকবে—তিনি কি আদালত কক্ষে বিচারপতিদের অনুমতি নিয়ে নিজে বক্তব্য রাখার চেষ্টা করেন কি না।

তৃণমূল শিবিরের অনেকের কথায়,
“দিদির পক্ষে অসম্ভব কিছু নেই। দিদি সব পারেন।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.