খেলাধুলা

কম ম্যাচ, কম বেতন—কঠিন সময়ে আইএসএলে স্বার্থত্যাগে সুনীলরা, প্রশংসায় পার্থ জিন্দল

১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে চলতি মরসুমের ইন্ডিয়ান সুপার লিগ (আইএসএল)। তবে এ বার পুরো মরসুমের প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে না। প্রতিটি দল যেখানে সাধারণত ২৪টি করে ম্যাচ খেলে, সেখানে এ বার খেলতে হবে মাত্র ১৩টি ম্যাচ। ম্যাচ সংখ্যা কমে যাওয়ার জেরে আর্থিক সঙ্কট আরও প্রকট হওয়ায় ফুটবলারদের বেতন কমানোর প্রস্তাবে রাজি হলেন বেঙ্গালুরু এফসির ফুটবলাররা, যার মধ্যে রয়েছেন ভারতীয় ফুটবলের সবচেয়ে বড় তারকা সুনীল ছেত্রীও।

ক্লাব কর্তাদের এই প্রস্তাব মেনে নেওয়ায় বেঙ্গালুরু এফসির ফুটবলারদের প্রশংসা করেছেন দলের মালিক পার্থ জিন্দল। এক্স (প্রাক্তন টুইটার)-এ দেওয়া বার্তায় তিনি লেখেন, “ভারতীয় ফুটবল যে এই মুহূর্তে কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, তা সকলেরই জানা। বেঙ্গালুরু এফসির মালিক হিসাবে ফুটবলের সঙ্গে আমি গভীরভাবে যুক্ত। এই সময়ে আমাদের ফুটবলাররা যে বেতন কমাতে রাজি হয়েছেন, তার জন্য আমি কৃতজ্ঞ।”
তিনি আরও বলেন, “এই সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল না। ক্লাব এবং ফুটবলের স্বার্থে যে ত্যাগ ওরা করেছে, তা প্রশংসার যোগ্য।”

উল্লেখ্য, গত কয়েক মাস ধরে আইএসএলের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। সেই সময় বেঙ্গালুরু এফসি ফুটবলারদের বেতন দেওয়া বন্ধ রাখে। পার্থ জিন্দল আগেই জানিয়েছিলেন, বেতন কমানো না হলে ক্লাব বন্ধ করে দেওয়ার পরিস্থিতি তৈরি হতে পারে। শেষ পর্যন্ত ক্লাবের প্রস্তাবে সম্মতি দেন ফুটবলারেরা।

বেঙ্গালুরু দলে সুনীল ছেত্রীর পাশাপাশি রয়েছেন ভারতীয় দলের প্রথম পছন্দের গোলরক্ষক গুরপ্রীত সিংহ সান্ধু-সহ একাধিক জাতীয় দলের নিয়মিত ফুটবলার। আসন্ন আইএসএলের জন্য প্রধান কোচ হিসেবে নিয়োগ করা হয়েছে ভারতীয় কোচ রেনেডি সিংহকে। অতীতে অ্যাশলি ওয়েস্টউডের মতো বিদেশি কোচরা এই দলের দায়িত্ব সামলালেও, এ বার আর্থিক কারণেই দেশীয় কোচের উপর ভরসা করেছে ক্লাব।

এর আগে গত মাসে এফসি গোয়ার ফুটবলার ও সাপোর্ট স্টাফেরাও কম বেতনে আইএসএল খেলার সিদ্ধান্ত নিয়েছিলেন। সেই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছিল গোয়া কর্তৃপক্ষ। এ বার সেই পথেই হাঁটল বেঙ্গালুরু এফসি।

চলতি মরসুমে আইএসএলে মোট ৯১টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ১৪ ফেব্রুয়ারি উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে মোহনবাগান সুপার জায়ান্ট ও কেরালা ব্লাস্টার্স। একই দিনে দ্বিতীয় ম্যাচে খেলবে এফসি গোয়া ও ইন্টার কাশী।

এর মধ্যেই সোমবার জানা গিয়েছে, আগামী মরসুম থেকে আইএসএলের সম্প্রচার দেখা যাবে ‘ফ্যানকোড’ ওয়েবসাইট ও অ্যাপে। সম্প্রচারের প্রোডাকশনের দায়িত্ব পেয়েছে ‘কেপিএস স্টুডিয়োস’। তবে গত দশ বছরের তুলনায় ম্যাচপিছু সম্প্রচার স্বত্ব থেকে ফেডারেশন অনেক কম অর্থ পাবে। তার প্রভাব পড়বে ক্লাবগুলির আয়ের উপরও। ফুটবলারদের বেতন কমানোর সিদ্ধান্তের নেপথ্যে এটিই অন্যতম বড় কারণ বলে মনে করা হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.