গোঘাটের শ্যামবাজার পঞ্চায়েত এলাকায় ভোটার তালিকা নিয়ে নতুন করে রাজনৈতিক তরঙ্গ। লালপুর গ্রামের তৃণমূল নেতা শেখ কাদের ও তাঁর পরিবারের ৬ জন সদস্যের নাম ২০০২ সালের শেষ সংশোধিত ভোটার তালিকায় খুঁজেই পাওয়া যাচ্ছে না। দীর্ঘদিন তৃণমূলের সঙ্গে যুক্ত থাকা কাদের একসময় নির্বাচিত পঞ্চায়েত সদস্য ছিলেন। তাঁর স্ত্রীও ১৯৯৮ সালে পঞ্চায়েত সদস্য হিসেবে নির্বাচিত হন। রাজনৈতিকভাবে কার্যকর ভূমিকায় থাকা পরিবারের নাম তালিকা থেকে ছিটকে যাওয়া ঘিরেই সৃষ্টি হয়েছে বিতর্ক।
শেখ কাদেরের দাবি, তৃণমূলের সঙ্গে যুক্ত থাকার কারণেই তাঁদের নাম ভোটার তালিকা থেকে ‘বেছে বেছে’ বাদ দেওয়া হয়েছে। তিনি বলেন, “আমরা সকলে চিন্তায় রয়েছি। ভোটার তালিকায় নাম না থাকলে আমরা নির্বাচনে লড়লাম কীভাবে? তৃণমূল করি বলেই কি নাম কেটে দেওয়া হল?” একই অভিযোগ তুলেছেন তাঁর ছেলে শেখ হারুন, যিনি তৃণমূলের সক্রিয় কর্মী।
পরিবারের দাবি, তাঁদের পূর্বপুরুষদের নাম তালিকায় রয়েছে, কিন্তু পরিবারের বর্তমান ৬ সদস্যের নাম পুরোপুরি উধাও। বিএলও-এর মুখেই প্রথম এই তথ্য জানতে পেরে তাঁরা হতবাক। কাদের প্রশ্ন তুলেছেন, “আমরা ভোটে দাঁড়িয়েছি, জিতেছি— তা হলে কি সবটাই মিথ্যে? এটি কমিশনের বড় ব্যর্থতা ছাড়া কিছুই নয়।”
তবে তৃণমূল নেতার এই অভিযোগ গুরুত্ব দিতে নারাজ স্থানীয় বিজেপি নেতৃত্ব। শ্যামপুকুরের রাজু রানা জানান, “কমিশন সম্পূর্ণ নিরপেক্ষভাবে কাজ করছে। এসব অভিযোগের নেপথ্যে রাজনৈতিক উদ্দেশ্য স্পষ্ট। ঘোলা জলে মাছ ধরার চেষ্টা ছাড়া কিছুই নয়।”
ভোটার তালিকা সংক্রান্ত এই ঘটনা সামনে আসায় গ্রামে তৈরি হয়েছে উত্তেজনা। রাজনৈতিক মহলে শুরু হয়েছে তর্ক— প্রশাসনিক ত্রুটি, নাকি উদ্দেশ্যপ্রণোদিত বাদ? এই প্রশ্নই এখন ঘোরাফেরা করছে গোঘাটের রাজনীতির কেন্দ্রে।







